জাল ভোট দেওয়ার অভিযোগে এক যুবককে দুই বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার জিনারী ইউনিয়নের পিপলাকান্দি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
দণ্ডপ্রাপ্ত ইমরান হোসাইন (২১) উপজেলার বিপলাকান্তি গ্রামের আবুল হাশেমের ছেলে। হোসেনপুর উপজেলায় দায়িত্বরত যুগ্ম জেলা ও দায়রা জজ কাউছার আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, পিপলাকান্দি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পছন্দের প্রার্থীর পক্ষে জাল ভোট দিতে গেলে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা ইমরান হোসাইনকে আটক করেন।
পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাৎক্ষণিকভাবে তাকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত ইমরান হোসাইনকে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।