প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ভোটের লড়াইয়ে হার-জিত থাকবেইঃ বিএনপি প্রার্থী জাহাঙ্গীর হোসেন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি, ২০২৬

ঢাকা-১৮ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী জাহাঙ্গীর হোসেন বলেছেন, ভোটের লড়াইয়ে হার-জিত থাকবেই, কিন্তু তা যেন কোনোভাবেই হানাহানির পর্যায়ে না পৌঁছায়– এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে নিজের ভোট প্রদান শেষে তিনি বলেন, ‘জনগণের রায় মাথা পেতে নেব। নির্বাচিত হলে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করব।’

৩০ বছর ধরে এই এলাকার মানুষের পাশে থাকার কথা উল্লেখ করে তিনি এই আসনটিকে একটি আধুনিক জনপদ হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন।

এদিন সকালে উত্তরার আবদুল্লাহপুরের মালেকাবানু আদর্শ বিদ্যানিকেতন কেন্দ্রে নিজের ভোট দিয়েছেন জাহাঙ্গীর হোসেন। ভোট দেওয়া শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘দীর্ঘদিন জনগণ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। এবার সেই বঞ্চনা থেকে মানুষ মুক্তি পাবে এবং একটি মানবিক সরকার প্রতিষ্ঠিত হবে– যে সরকার হবে জনগণের জন্য।’

এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ ভালো আছে উল্লেখ করে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক থাকলে এবং সবাই নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করলে সন্ধ্যার ফলাফলে একটি সুন্দর নির্বাচনের প্রতিফলন ঘটবে।

নির্বাচনী মাঠে কোনো ধরনের বিশৃঙ্খলা কাম্য নয় উল্লেখ করে জাহাঙ্গীর হোসেন বলেন, ‘ভোটের জন্য কেউ যেন হানাহানি বা রাহাজানিতে না জড়ায়। জনগণ যাকে যোগ্য মনে করবে এবং যার ওপর আস্থা রাখবে, তাকেই ভোট দেবে– এ বিষয়ে কোনো আপত্তি নেই।’

তিনি আরও যোগ করেন, তফসিল ঘোষণার পর থেকেই তিনি সবার সঙ্গে কথা বলেছেন এবং বিজয়ী হলে কাউকে বাদ দিয়ে নয়, বরং সবাইকে নিয়েই আগামীর পথ চলতে চান।

সকাল সাড়ে সাতটায় সারা দেশে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। এবারের নির্বাচন পর্যবেক্ষণে দেশি সংস্থার পাশাপাশি আন্তর্জাতিক মহলেরও ব্যাপক নজরদারি রয়েছে। জানা গেছে, ৫৪০ জন বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক এখন বাংলাদেশে অবস্থান করছেন। এর মধ্যে ইউরোপীয় ইউনিয়নের ২২৩ জনসহ কমনওয়েলথ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি রয়েছেন।

এ ছাড়া আল-জাজিরা, বিবিসি, রয়টার্স ও এপির মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠানের ১৫০ জন সাংবাদিক সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত আছেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা