প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

আজ নিজেদের মালিকানা বুঝে নেওয়ার দিন: নাহিদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি, ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম দেশবাসীকে নির্ভয়ে ভোটকেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, “আজ উৎসবমুখর পরিবেশে দলে দলে ভোটকেন্দ্রে আসার দিন। এ দেশ আমাদের—আজ নিজেদের মালিকানা বুঝে নেওয়ার দিন।”

 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টায় ঢাকা-১১ আসনের বেরাইদ এলাকার রহমতুল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ ভোটকেন্দ্রে ভোট প্রদান শেষে তিনি এসব কথা বলেন।

 

নাহিদ ইসলাম বলেন, “গত ১৬ বছর আমরা সুষ্ঠু নির্বাচনের সুযোগ পাইনি। আজ সেই সুযোগ এসেছে। ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সময় এখন। গণভোটে ‘হ্যাঁ’ প্রদানের মাধ্যমে সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে হবে এবং ১১ দলীয় ঐক্যের পক্ষে অবস্থান নিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে।”

 

তিনি আরও বলেন, “ব্যালটেই জনগণের রায় প্রতিফলিত হবে। প্রশাসন, সেনাবাহিনী এবং গণমাধ্যমের প্রতি আমাদের আহ্বান—নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করুন। এত বছরের আন্দোলন-সংগ্রাম ও আত্মত্যাগ ব্যর্থ হয়ে যাবে, যদি ভোট সুষ্ঠু না হয়।”

 

নির্বাচনের আগের রাতে কয়েকটি অনাকাঙ্ক্ষিত ঘটনার কথা উল্লেখ করে এনসিপি আহ্বায়ক বলেন, “কয়েক জায়গায় আমাদের প্রার্থীদের সমর্থকদের ওপর হামলা হয়েছে। কুড়িগ্রাম, হাতিয়া ও কুমিল্লা-৪ আসনে ভয়ভীতির পরিবেশ তৈরি করা হয়েছে। ঢাকা-১১ আসনেও কিছু নির্বাচনী ক্যাম্পে হামলার ঘটনা ঘটেছে। তবুও আমরা ভোটারদের অনুরোধ করছি—সব বাধা উপেক্ষা করে কেন্দ্রে আসুন।”

 

তিনি দৃঢ় কণ্ঠে বলেন, “সুষ্ঠু ভোট হলে আমরা ক্ষমতার দ্বারপ্রান্তে রয়েছি। তাই শেষ মুহূর্ত পর্যন্ত আমরা কেন্দ্র পাহারা দেব এবং গণরায় প্রতিষ্ঠায় কাজ করে যাব।”

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা