প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

উল্লাপাড়ায় জামায়াত নেতার বাড়িতে অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি, ২০২৬

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ইউনিয়ন জামায়াতে ইসলামীর এক নেতার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে সলংগা ইউনিয়ন জামায়াতের আমির হারুনুর রশিদের বাড়ির বাইরে রাখা সরিষার স্তূপে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা।

 

স্থানীয়রা আগুন দেখতে পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তা নিয়ন্ত্রণে আনেন। ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

 

ঘটনার বিষয়ে হারুনুর রশিদ জানান, আগুন দেওয়ার সময় তিনি বাড়িতে উপস্থিত ছিলেন না। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে এবং কী উদ্দেশ্যে এটি করা হয়েছে—সে বিষয়ে নিশ্চিত না হয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি।

 

সলংগা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ টহল দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে তাদের আগমনের আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন। এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

 

উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শাহজাহান আলী দাবি করেন, ভয়ভীতি সৃষ্টির উদ্দেশ্যেই এই অগ্নিসংযোগের চেষ্টা চালানো হয়েছে। যদিও এতে উল্লেখযোগ্য কোনো ক্ষতি হয়নি। ঘটনার সঙ্গে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা রয়েছে কি না—তা তদন্ত করে দেখা হচ্ছে বলেও তিনি জানান।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা