প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সকাল থেকেই কেন্দ্রে আসছেন ভোটাররা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি, ২০২৬

আজ রাজধানীর বিভিন্ন এলাকায় সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোতে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে। ভোটগ্রহণ শুরুর আগেই কেন্দ্রের আশপাশে প্রার্থীদের কর্মী ও সমর্থকদের ছোট ছোট দলে অবস্থান করতে দেখা যায়। তারা ভোটারদের কেন্দ্রে পৌঁছাতে সহায়তা করা এবং শৃঙ্খলা বজায় রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য কেন্দ্রের আশপাশে অবস্থা নিয়েছেন।

রামপুরা ও খিলগাঁও অঞ্চলের বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটগ্রহণ শুরুর আগেই ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে। ভোর সাড়ে ৬টা পর্যন্ত বিভিন্ন কেন্দ্রে ভোটারদের লাইন দেখা না গেলেও প্রার্থীদের নারী-পুরুষ সমর্থকদের জড়ো হতে দেখা গেছে।

রামপুরার উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে মো. আল আমিন বলেন, আমি একজনের পোলিং এজেন্ট। আমাদের ভোর ৬টায় আসতে বলেছে, তাই চলে এসেছি। এখনো ভোটাররা আসেনি। তবে ৭টার মধ্যে অনেক ভোটার আসবে বলে ধারণা করছি।

একই এলাকার গৃহিণী শারমিন আক্তার বলেন, আমি সকালেই চলে এসেছি। দেখি অনেকেই লাইনে দাঁড়িয়ে আছেন। পরিবেশ শান্ত ছিল, তাই স্বাচ্ছন্দ্যে অপেক্ষা করতে পেরেছি।

খিলগাঁও তালতলা এলাকার ভোটার মো. জিয়াউর রহমান বলেন, ভোটকেন্দ্রের আশপাশে সমর্থকদের উপস্থিতি থাকলেও তারা শৃঙ্খলা বজায় রেখেই অবস্থান করছিলেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও সতর্ক ছিলেন। সব মিলিয়ে শান্তিপূর্ণ পরিবেশে বিরাজ করছে।
এদিকে ভোটকেন্দ্রগুলোর চারপাশে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে। তারা নিয়মিত নজরদারির মাধ্যমে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করছেন। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সেজন্য বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা