গোটা দেশ যখন ভোট উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত, তখন অনেক প্রার্থীর জন্য বৃহস্পতিবারের নির্বাচন ঘিরে বাড়তি উৎকণ্ঠা কাজ করছে। ভোটের ঠিক আগের রাতে অধিকাংশ প্রার্থী যেখানে শেষ মুহূর্তের কৌশল সাজাতে ব্যস্ত, সেখানে তিনজন প্রার্থী এই রাত কাটাচ্ছেন কারাগারের ভেতর।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারাবন্দি অবস্থায় তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে দুজন ফরিদপুর জেলা কারাগারে এবং একজন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন।
কারাগারে থাকা প্রার্থীরা হলেন— জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু, গণঅধিকার পরিষদের প্রার্থী কবির মিয়া এবং স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম শিমুল।
কারা মহাপরিদর্শক মো. মোতাহের হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, কবির মিয়া ও আশরাফুল আলম শিমুল বর্তমানে ফরিদপুর কারাগারে রয়েছেন, আর গোলাম কিবরিয়া টিপু কেরানীগঞ্জের বিশেষ কারাগারে বন্দি আছেন।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, গোপালগঞ্জ-১ (মকসুদপুর) আসনে ট্রাক প্রতীক নিয়ে লড়ছেন গণঅধিকার পরিষদের প্রার্থী কবির মিয়া। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনসহ একাধিক মামলা রয়েছে। একই আসনে ফুটবল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন আশরাফুল আলম শিমুল। তার বিরুদ্ধেও একটি হত্যা মামলা চলমান।
অন্যদিকে বরিশাল-৩ আসনে জাতীয় পার্টির লাঙল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন দলটির সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু।
ভোটের মাঠে তারা না থাকলেও আইন অনুযায়ী কারাগারে থেকেও নির্বাচনে অংশগ্রহণে কোনো বাধা নেই— এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্টরা।