ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হচ্ছে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি)। এই ভোটকে কেন্দ্র করে কোনো ধরনের ভোট কেনাবেচার প্রমাণ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে দেশের বিভিন্ন এলাকায় ভোটারদের প্রভাবিত করতে অর্থ লেনদেন করা হচ্ছে। নির্বাচন কমিশন স্পষ্টভাবে জানিয়েছে, ভোট কেনাবেচা সম্পূর্ণ বেআইনি ও শাস্তিযোগ্য অপরাধ। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে কারও সংশ্লিষ্টতা প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, বুধবার সন্ধ্যায় বিএনপির একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে জামায়াতে ইসলামী ভোটারদের মধ্যে টাকা বিতরণ করছে— এমন অভিযোগ তুলে ধরে।
নির্বাচন কমিশন জানিয়েছে, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের অনিয়মের বিরুদ্ধে তারা কঠোর অবস্থানে রয়েছে।