প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

তোমরাই রক্তের বিনিময়ে এই দিনটি অর্জন করেছঃ জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি, ২০২৬

তোমরাই রক্তের বিনিময়ে এই দিনটি অর্জন করেছো। তাই দৃঢ়তার সঙ্গে লাইনে দাঁড়াবে; কোনো ভয় বা রক্তচক্ষু পরোয়া করবে না। আত্মবিশ্বাসের সঙ্গে নিজের ভোট দেবে। আগামীকালের দিনটি তোমাদের।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তারুণ্যের উদ্দেশ্য এসব কথা লিখেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

পোস্টে তিনি আরও লেখেন, আগামীকাল তোমরা ইতিহাস গড়তে চলেছো। তাই সারাদিনের স্মরণীয় মুহূর্তগুলো ছবি তুলে ও ভিডিও করে অনলাইনে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে বিশ্বকে তোমাদের এই ভোট উৎসব-এর কথা জানিয়ে দাও।

জামায়াত আমির বলেন, তোমাদের ভোট কেড়ে নেওয়ার সাধ্য কারো নেই। আর তোমার মুঠোফোন ব্যবহারের অধিকার কেড়ে নেওয়ার ক্ষমতাও কারো নেই। এগুলো তোমার নাগরিক অধিকার। তাই বুদ্ধিমত্তার সাথে তোমার মোবাইলের সর্বোত্তম ব্যবহার কর। তবে খেয়াল রেখো, ভোটকেন্দ্রের গোপন কক্ষের (Voting Booth) ভেতরে ছবি তোলা থেকে বিরত থাকতে হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগের রাতে জামায়াত আমিরের এমন পোস্ট মুহূর্তেই ছড়িয়ে পড়ে নেটিজেনদের মাঝে। মন্তব্যের ঘরে অনেকেই ইতিবাচক মন্তব্য করেন।

সাইদুল করিম আফনান নামে একজন লিখেছেন, এবারের নির্বাচনে বড় ফ্যাক্টর হবে প্রায় চার কোটি তরুণ প্রজন্মের নতুন ভোটার। ওরা যেদিকে হেলবে নির্বাচনও সেদিকেই মোড় নেবে।

তরিকুল হাসান লেখেন, তারুণ্য, সিদ্ধান্ত তোমাদের হাতে। আগামীর বাংলাদেশ গড়ার শক্তি আজ তরুণদের হাতে। স্বপ্ন, সাহস আর সততার পথেই হোক প্রথম পদক্ষেপ। তারুণ্যের প্রথম ভোট হোক ইনসাফের পক্ষে। ন্যায়, উন্নয়ন ও পরিবর্তনের অঙ্গীকারে আমরাই গড়বো একটি সুন্দর ভবিষ্যৎ। সময় এখন তারুণ্যের। সময় এখন সঠিক সিদ্ধান্তের।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা