ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিনের ব্যাগে মোট ৭৪ লাখ টাকা মিলেছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল আলম রেজা বিষয়টি নিশ্চিত করেন। তবে ঐ জামাত নেতা ব্যাগে কত টাকা ছিল জানতেন না। আটকের সময় তিনি ‘৫০ লাখ টাকার মত’ ধারণা দিয়েছিলেন। নিজের বহন করা টাকার পরিমাণ না জানায় টাকার উৎস্য নিয়ে প্রশ্ন উঠেছে।
এটা তাঁর (জামাত নেতার) ব্যবসায়িক টাকা বলে দাবি করা হলেও জানা গেছে সেই ব্যবসার আকার খুব ছোট। তাছাড়া ব্যবসার অবস্থান ঠাকুরগাঁও হওয়ায় ঢাকায় এত টাকার উৎস্য নিয়ে প্রশ্নের সৃষ্টি হয়েছে।
আজকে বেলা ১১টার দিকে বেলাল উদ্দিন একটি বিমানে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান। এ সময় তাকে একটি টাকার ব্যাগসহ আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান- তার ব্যাগে প্রায় ৫০ লাখ টাকা রয়েছে। পরে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে পাঠানো হয়। টাকা গননা শেষে তার ব্যাগে ৭৪ লাখ টাকা পাওয়া যায়।
ওসি বলেন, বেলাল উদ্দিন গার্মেন্টস ব্যবসার সঙ্গে জড়িত এবং ব্যবসায়িক কাজেই টাকা নিয়ে যাচ্ছিলেন বলে জানিয়েছেন। তার এ বক্তব্য যাচাই-বাছাই করছে আইনশৃঙ্খলা বাহিনী।
বেলাল উদ্দিন সালন্দর ইসলামিয়া কামিল মাদরাসার শিক্ষক। তিনি ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম দবিরুল ইসলাম।