নবনির্বাচিত সংসদ সদসদের শপথ ১৫ ফেব্রুয়ারি, নতুন মন্ত্রীসভার শপথ ১৮ ফেব্রুয়ারি!
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামীকাল ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে । এই নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হবে এবং বিদায় নেবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। তবে নির্বাচনের পর নতুন মন্ত্রিসভা গঠিত হওয়া পর্যন্ত পদে থাকবেন বর্তমান উপদেষ্টারা। নবনির্বাচিত সংসদ সদসদের শপথ ১৫ ফেব্রুয়ারি এবং নতুন মন্ত্রীসভার শপথ ১৮ ফেব্রুয়ারি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিভিন্ন সূত্র এরকম আভাষ দিয়েছে।
নিয়ম অনুযায়ী, আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফল প্রকাশের পর নির্বাচন কমিশন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার গেজেট জারি করা হবে। এরপর নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন। এর মাধ্যমে সংসদ গঠিত হয়। এরপর সংখ্যাগরিষ্ঠ দল বা জোট সংসদ নেতা নির্বাচন করার পর তিনি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় রাষ্ট্রপতি তাকে সরকার গঠনের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।
নতুন মন্ত্রিসভার দাপ্তরিক কাজ করে থাকে মন্ত্রিপরিষদ বিভাগ। বঙ্গভবনে মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠান পরিচালনা করা হয়। অতিথিসহ বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে অনুষ্ঠান আয়োজন করা হয়। নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন। শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ। রাষ্ট্রপতি প্রথমে সরকারপ্রধানকে শপথ পাঠ করাবেন। এরপর পর্যায়ক্রমে মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন। প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার শপথ গ্রহণের মাধ্যমে নতুন সরকার গঠিত হয়।
সেই প্রসেস হতে তো নির্বাচনের পরে আরও দুই-তিন দিনও সময় লাগতে পারে। সেটা যদি সোম-মঙ্গলবার হয়, তার মানে রবি-সোমবারও কি আপনারা অফিস করবেন– এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রবি-সোমবার যদি আমাকে কেউ চলে যেতে না বলে, তাহলে অবশ্যই অফিস করব।’ ১৫ ফেব্রুয়ারি নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট হতে পারে বলেও ধারণা দেন নৌপরিবহন উপদেষ্টা।
তিনি বলেন, ‘জাতির সেবার সুযোগ পাওয়া যেকোনো নাগরিকের জন্য ভাগ্যের বিষয়। এ সৌভাগ্যের জন্য আমি সর্বশক্তিমান আল্লাহর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।’ তিনি আরও বলেন, ‘নির্বাচন অবাধ, সুষ্ঠু, সহিংসতামুক্ত ও উৎসবমুখর হোক। আমি আগেও বেশ কয়েকবার বলেছি, যে দল বা জোটই বিজয়ী হোক না কেন, আমরা জাতি হিসেবে তাদের পেছনে দাঁড়াব। নতুন সরকারের জন্য শুভকামনা।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘আগামীকালের নির্বাচনে যে দল সংখ্যাগরিষ্ঠতা পাবে সে দলই সরকার গঠন করবে। সেই দলের প্রধানকে সরকার গঠনের জন্য আহ্বান জানানো হবে।’
তিনি আরও বলেন, ‘রাষ্ট্রপতি নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ করাবেন। এর মধ্য দিয়ে নতুন সরকার গঠিত হবে এবং বর্তমান উপদেষ্টারা বিদায় নেবেন।’