ময়মনসিংহ সদর উপজেলায় দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এর মধ্যে একটি দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয় জনতা একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ময়মনসিংহ-ফুলবাড়িয়া সড়কের দাপুনিয়া বাজার এলাকায় প্রথম দুর্ঘটনাটি ঘটে। এ সময় দ্রুতগতির একটি ড্রাম ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী জসিম (৩২) নিহত হন। তিনি ঘাগড়া ইউনিয়নের সুহিলা পশ্চিমপাড়া এলাকার হাতেম আলী সরকারের ছেলে এবং পেশায় একটি বেসরকারি স্কুলের শিক্ষক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ব্যক্তিগত কাজে শহরে গিয়ে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা ট্রাকটি তাকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। তবে চালক দ্রুত পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
একই সময়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চুরখাই এলাকায় আরেকটি দুর্ঘটনা ঘটে। সেখানে রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাকের ধাক্কায় এক পথচারী নিহত হন। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।
কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) কুমুদ লাল জানান, চুরখাই বাজার এলাকায় রাত সাড়ে ৮টার দিকে ট্রাকের চাপায় ওই পথচারী ঘটনাস্থলেই মারা যান।
এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি (অপারেশন) আজহারুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু করে এবং পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।