প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

পাবনা-ঢাকা মহাসড়কে দুই বাসের ভয়াবহ সংঘর্ষে নিহত বেড়ে চার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি, ২০২৬

পাবনা-ঢাকা মহাসড়কের শোলাবাড়িয়া এলাকায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। দুর্ঘটনার সময় ঘটনাস্থলেই দুইজন নিহত হন এবং পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়।

 

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে পাবনার আতাইকুলা থানার শোলাবাড়িয়া ব্রিজ সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ সময় অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।

 

পুলিশ জানিয়েছে, নিহতরা হলেন— মাছরাঙা পরিবহনের হেলপার ও পাবনা পৌরসভার শিবরামপুর এলাকার বাসিন্দা চয়ন মোল্লার ছেলে মো. মেহেদী হাসান জিহাদ (২৮), শাহজাদপুর ট্রাভেলসের চালক ও পাবনা সদর থানার বলরামপুর এলাকার মৃত আব্দুল প্রাংয়ের ছেলে মো. কামাল হোসেন (৪৫), মাছরাঙা পরিবহনের যাত্রী আটঘরিয়া থানার পরজান গ্রামের তচ্ছেদ শেখের ছেলে মো. আলমগীর হোসেন (৩৫) এবং পাবনা সদর থানার রাজাপুর গ্রামের মাজন মিয়ার ছেলে মো. আলেফ উদ্দিন (৩৫)।

 

মাধপুর হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, সকালে পাবনা থেকে ঢাকাগামী শাহজাদপুর ট্রাভেলসের একটি বাস বিপরীত দিক থেকে আসা মাছরাঙা পরিবহনের আরেকটি বাসের সঙ্গে সরাসরি মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘন কুয়াশার কারণে সড়কে দৃষ্টিসীমা কম থাকায় দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সংঘর্ষের ফলে দুটি বাসের সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

 

দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। আহত যাত্রীদের উদ্ধার করে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পরপরই উদ্ধার কার্যক্রম শুরু করা হয় এবং নিহতদের পরিচয় নিশ্চিত করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা