প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সরকারি খরচে হজ বন্ধ ও অব্যয়িত টাকা ফেরত

৪ লাখ ৬৭ হাজারে হজের সুযোগ ও হাজিদের টাকা ফেরত দিচ্ছে সরকার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি, ২০২৬

ধর্মবিষয়ক উপদেষ্টা জানিয়েছেন, গত বছর সরকারি ব্যবস্থাপনায় হজ পালন শেষে হাজিদের কাছে অব্যয়িত ৮ কোটি ২৮ লাখ টাকা ফেরত দেওয়া হয়েছে। পাশাপাশি ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত হজ এজেন্সিগুলোর অব্যবহৃত প্রায় ৩৮ কোটি টাকা, যা সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়ের আইবিএন হিসাবে জমা ছিল, ধারাবাহিক যোগাযোগের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে সংশ্লিষ্ট এজেন্সিগুলোর কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি বলেন, গত বছরের হজে সৌদি প্রান্তে ব্যবস্থাপনার দায়িত্বে সমন্বিত চিকিৎসক ছাড়া ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের বাইরে কাউকে অন্তর্ভুক্ত করা হয়নি। টিমের সদস্যসংখ্যাও আগের বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমানো হয় এবং সরকারি ব্যয়ে কাউকে হজে পাঠানো হয়নি। একই নীতি ২০২৫ সালেও অনুসরণ করা হবে।

২০২৫ সালের হজে তিনটি নতুন সেবা যুক্ত করা হয়েছে বলে জানান উপদেষ্টা। এসবের মধ্যে রয়েছে প্রযুক্তিনির্ভর ‘লাব্বাইক’ মোবাইল অ্যাপ চালু, মোবাইল ফোনে রোমিং সুবিধা এবং হজ প্রি-পেইড কার্ডের ব্যবহার।

তিনি আরও বলেন, গত বছর দুটি হজ প্যাকেজ থাকলেও এ বছর তিনটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। সীমিত আয়ের ধর্মপ্রাণ মুসলমানদের জন্য চালু করা হয়েছে একটি সাশ্রয়ী প্যাকেজ, যার মূল্য নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা। এ পর্যন্ত হজের প্রস্তুতি সন্তোষজনক উল্লেখ করে তিনি জানান, সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমেই বাড়িভাড়া, তাঁবু ও পরিবহন সংক্রান্ত চুক্তি সফলভাবে সম্পন্ন হয়েছে।

উপদেষ্টা জানান, হজ প্যাকেজ–৩ এর ক্ষেত্রে সার্ভিস প্রোভাইডারদের সঙ্গে ফলপ্রসূ আলোচনার মাধ্যমে হাজি প্রতি প্রায় ৬০০ সৌদি রিয়াল সার্ভিস চার্জ কমানো সম্ভব হয়েছে। এছাড়া আজিজিয়া এলাকা থেকে হারাম শরীফে যাতায়াতের জটিলতা বিবেচনায় এনে প্যাকেজ–৩ এর হাজিদের আবাসন হারাম শরীফের দেড় কিলোমিটারের মধ্যে নির্ধারণ করা হয়েছে, ফলে যাতায়াতের ভোগান্তি কমেছে।

তিনি আরও বলেন, সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী যে হেলথ সার্ভিসের জন্য হাজি প্রতি দুই সৌদি রিয়াল ব্যয়ের কথা ছিল, তা সফল আলোচনার মাধ্যমে বিনামূল্যে নিশ্চিত করা গেছে। এতে সব বাংলাদেশি হাজি উপকৃত হবেন। এছাড়া ২০২৬ সালের হজ শেষে প্যাকেজ–১ ও প্যাকেজ–২ এর হাজিদের তিন কোটির বেশি টাকা ফেরত দেওয়ার আশা প্রকাশ করেন তিনি।

এদিকে ইসলামিক ফাউন্ডেশনের জনবল নিয়োগ প্রসঙ্গে উপদেষ্টা জানান, শূন্যপদে ১৬৩ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মামলাজনিত জটিলতায় ১৯৭ জনের নিয়োগ এখনো সম্পন্ন হয়নি, তবে মামলা নিষ্পত্তির পর দ্রুত নিয়োগ কার্যক্রম শেষ করার আশা করা হচ্ছে। পাশাপাশি নবম ও তদূর্ধ্ব গ্রেডে ২৯ জন এবং ১০ থেকে ২০তম গ্রেডে ৩২ জনকে বিধি অনুযায়ী পদোন্নতি দেওয়া হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা