আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে দেশের ইতিহাসে অন্যতম নিরাপদ নির্বাচন হিসেবে আয়োজন করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সরকার। নির্বাচনী নিরাপত্তা নিশ্চিতে সারা দেশে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, নির্বাচনের সময় সারাদেশে প্রায় ১ লাখ ৮৭ হাজার পুলিশ সদস্য, প্রায় ৬ লাখ আনসার ও বিজিবি সদস্য এবং প্রায় ১ লাখ সেনাসদস্য দায়িত্ব পালন করছেন।
আইজিপি বলেন, নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করতে তিন স্তরের নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রে স্থায়ীভাবে স্ট্যাটিক ফোর্স থাকবে, কেন্দ্রের আশপাশে মোবাইল টিম টহল দেবে এবং যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকবে স্ট্রাইকিং ফোর্স।
তিনি জানান, দেশের ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রের মধ্যে প্রায় ৮ হাজার ৭৭০টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ এবং ১৬ হাজার কেন্দ্রকে মধ্যম ঝুঁকির তালিকায় রাখা হয়েছে। এসব কেন্দ্রে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হচ্ছে।
নির্বাচনে প্রযুক্তির ব্যবহার প্রসঙ্গে আইজিপি বলেন, নির্বাচন কমিশনের ব্যবস্থাপনায় ৮০ থেকে ৯০ শতাংশ ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে পুলিশ সদস্যদের বডি ক্যামেরা ব্যবহারের পাশাপাশি প্রয়োজন অনুযায়ী ড্রোন ক্যামেরার সহায়তাও নেওয়া হবে।
অস্ত্র উদ্ধারের বিষয়ে তিনি জানান, নির্বাচনকালীন সময়ে অবৈধ ও লুট হওয়া অস্ত্র বড় ধরনের হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে। লাইসেন্সকৃত এক হাজারের বেশি অস্ত্র লুটের ঘটনা ঘটলেও এর মধ্যে এখন পর্যন্ত প্রায় ১ হাজার ৩৩০টি অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়েছে।
সহিংসতার চিত্র তুলে ধরে আইজিপি বলেন, গত ১১ ডিসেম্বর থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশে ৩১৭টি সহিংসতার ঘটনা ঘটেছে। এতে ৬০৩ জন আহত এবং ৫ জন নিহত হয়েছেন। তিনি বলেন, একটি প্রাণহানিও আমাদের জন্য দুঃখজনক, প্রতিটি ঘটনার তদন্ত চলছে।
গণমাধ্যমে প্রকাশিত অপরাধী ও শুটারের তালিকা প্রসঙ্গে তিনি জানান, তালিকার উৎস সম্পর্কে নিশ্চিত না হলেও এত কম সংখ্যক অপরাধী দিয়ে নির্বাচন বাধাগ্রস্ত করা সম্ভব নয়।
সাংবাদিকদের সঙ্গে পুলিশের আচরণ নিয়ে প্রশ্নের জবাবে আইজিপি স্বীকার করেন, কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। তিনি বলেন, অতীতের শাসনব্যবস্থার প্রভাব কাটিয়ে উঠতে সময় লাগছে, তবে প্রশিক্ষণের মাধ্যমে পুলিশকে আরও পেশাদার করে তোলার চেষ্টা চলছে।
তিনি আরও জানান, ইউনেস্কো ও ইউএনওডিসির সহায়তায় সাংবাদিকদের সঙ্গে দায়িত্বশীল আচরণ বিষয়ে পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
জঙ্গি হুমকি প্রসঙ্গে আইজিপি বলেন, নির্বাচনী প্রচারণাকালে কিছু আশঙ্কা থাকলেও বর্তমানে নির্বাচনকে ব্যাহত করার মতো কোনো বড় ধরনের জঙ্গি হুমকি নেই।
সবশেষে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আমরা চাই এই নির্বাচন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও গ্রহণযোগ্য হোক। কতটা সফল হয়েছি, তার মূল্যায়ন করবেন দেশবাসী।