প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

নির্বাচনী প্রচারণায় নামলেই প্রার্থিতা বাতিলঃ ইসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি, ২০২৬

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটগ্রহণের আগের ৪৮ ঘণ্টায় সব ধরনের নির্বাচনী প্রচারণা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই সময়কে ‘সাইলেন্ট পিরিয়ড’ বা নীরব সময় হিসেবে ঘোষণা করা হয়েছে। এ সময়ে কোনো প্রার্থী কিংবা তাদের পক্ষে কেউ মাঠে নামলে তা আচরণবিধির গুরুতর লঙ্ঘন হিসেবে গণ্য হবে।

ইসি সূত্র জানিয়েছে, এই বিধিনিষেধ ভেঙে জনসভা, মিছিল, শোডাউন বা প্রচারণামূলক কার্যক্রম চালালে সংশ্লিষ্টদের বিরুদ্ধে জেল-জরিমানা আরোপের পাশাপাশি তদন্ত শেষে প্রার্থিতা বাতিলের মতো কঠোর সিদ্ধান্তও নেওয়া হতে পারে।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, ভোটাররা যেন কোনো প্রভাব বা চাপ ছাড়াই শান্তভাবে সিদ্ধান্ত নিতে পারেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই বিধান কার্যকর করা হয়েছে।

নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, ভোটগ্রহণ শুরুর আগের ৪৮ ঘণ্টা থেকে ভোট শেষের পরবর্তী ৪৮ ঘণ্টা পর্যন্ত কোনো ধরনের সভা, মিছিল বা শোভাযাত্রা করা যাবে না। একই সঙ্গে মাইক বা শব্দযন্ত্র ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন কোনো প্রচারণা, উসকানিমূলক বক্তব্য বা পোস্টও দেওয়া যাবে না। যদিও ভোটের তিন সপ্তাহ আগে প্রচারণা শুরু করা যায়, তবে ভোটের ৪৮ ঘণ্টা আগে তা অবশ্যই বন্ধ করতে হবে।

ইসির আচরণবিধির ২৭ নম্বর ধারায় বলা হয়েছে, এই নিয়ম ভঙ্গ করলে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড অথবা দেড় লাখ টাকা পর্যন্ত জরিমানা কিংবা উভয় দণ্ডের বিধান রয়েছে। আরও কঠোর বিধান রয়েছে ২৮ নম্বর ধারায়। এ ধারায় কমিশন চাইলে তাৎক্ষণিক তদন্তের নির্দেশ দিতে পারে এবং অভিযোগ প্রমাণিত হলে আরপিও ১৯৭২-এর ৯১ই ধারায় সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিলের ক্ষমতা প্রয়োগ করতে পারে।

নির্বাচন কমিশন জানিয়েছে, মাঠ পর্যায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিশেষ টিম সক্রিয় থাকবে। সরাসরি মাঠে কিংবা অনলাইন প্ল্যাটফর্মে আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রেও ‘জিরো টলারেন্স’ নীতিতে ব্যবস্থা নেওয়া হবে।

ইসির সর্বশেষ তথ্যে জানা যায়, চলমান অভিযানে গত ৮ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত সারাদেশে ৪৬১টি আচরণবিধি লঙ্ঘনের ঘটনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ২৫৯টি ঘটনায় মামলা দায়ের করা হয়। শুধু ৩ ফেব্রুয়ারিতেই ৩৩টি লঙ্ঘনের ঘটনায় ২ লাখ ৫৪ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

নির্বাচন সংশ্লিষ্টরা জানান, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে এই নজরদারি ও অভিযান ভোটের দিন পর্যন্ত অব্যাহত থাকবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা