বছরের প্রতিটি দিনেই ক্যালেন্ডারে কোনো না কোনো বিশেষ দিবসের নাম লেখা থাকে। তবে ফেব্রুয়ারি মাস এলেই দিবস পালনের যেন বিশেষ এক উৎসব শুরু হয়। ভালোবাসার সপ্তাহের প্রতিটি দিনই আলাদা আলাদা বার্তায় সাজানো। এরই ধারাবাহিকতায় আজ ১০ ফেব্রুয়ারি বিশ্বজুড়ে পালিত হচ্ছে ‘টেডি ডে’।
ভ্যালেন্টাইন সপ্তাহের শুরু হয় ৭ ফেব্রুয়ারি রোজ ডে দিয়ে। এরপর পর্যায়ক্রমে আসে প্রোপোজ ডে, চকলেট ডে— আর চতুর্থ দিন হিসেবে উদযাপিত হয় টেডি ডে। প্রিয়জনকে ভালোবাসার প্রতীক হিসেবে টেডি বিয়ার উপহার দেওয়ার রীতি বহু বছর ধরেই জনপ্রিয়। সেই ঐতিহ্য থেকেই এই দিনটির বিশেষ গুরুত্ব তৈরি হয়েছে।
টেডি ডে–এর ইতিহাস
টেডি ডে পালনের পেছনে রয়েছে একটি মজার ঐতিহাসিক ঘটনা। ১৯০২ সালের নভেম্বর মাসে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট থিওডর রুজভেল্ট মিসিসিপিতে শিকারে যান। দীর্ঘ সময় চেষ্টা করেও সেদিন তিনি কোনো শিকার পাননি। প্রেসিডেন্টকে সন্তুষ্ট করতে তার সঙ্গীরা একটি ছোট ভাল্লুকের ছানা ধরে এনে গাছের সঙ্গে বেঁধে রাখেন।
কিন্তু রুজভেল্ট সেই অসহায় প্রাণীর ওপর গুলি চালাতে রাজি হননি। তিনি ছানাটিকে মুক্ত করে দেন। তার এই মানবিক আচরণ তখন ব্যাপক প্রশংসা কুড়ায় এবং গণমাধ্যমে ঘটনাটি আলোচিত হয়।
পরদিন এই ঘটনা নিয়ে ‘ড্রইং দ্য লাইন ইন মিসিসিপি’ শিরোনামে একটি কার্টুন আঁকেন কার্টুনিস্ট ক্লিফোর্ড বেরিম্যান। সেই কার্টুন দেখে অনুপ্রাণিত হয়ে খেলনা ব্যবসায়ী মরিস মিকটম ও তার স্ত্রী প্রথমবারের মতো একটি ভাল্লুক আকৃতির পুতুল তৈরি করেন। তারা সেটির নাম দেন ‘টেডি বিয়ার’— যা প্রেসিডেন্ট রুজভেল্টের ডাকনাম “টেডি” থেকে নেওয়া।
পরবর্তীতে এটি ব্যাপক জনপ্রিয়তা পায় এবং ১৯০৩ সালে প্রতিষ্ঠিত হয় ‘আইডিয়াল টয় কোম্পানি’। সেই থেকেই টেডি বিয়ার হয়ে ওঠে ভালোবাসা ও আবেগের এক চিরচেনা প্রতীক।
ভ্যালেন্টাইন সপ্তাহের প্রতিটি দিনই আলাদা আলাদা অনুভূতি বহন করে—৭ ফেব্রুয়ারি – রোজ ডে: ভালোবাসার প্রতীক লাল গোলাপ বিনিময়ের দিন।৮ ফেব্রুয়ারি – প্রোপোজ ডে: মনের কথা প্রকাশের দিন।৯ ফেব্রুয়ারি – চকলেট ডে: মিষ্টি সম্পর্ক উদযাপনের দিন।১০ ফেব্রুয়ারি – টেডি ডে: আদুরে টেডি উপহার দেওয়ার দিন।১১ ফেব্রুয়ারি – প্রমিস ডে: ভালোবাসার প্রতিশ্রুতি দেওয়ার দিন ।১২ ফেব্রুয়ারি – হাগ ডে: আলিঙ্গনের মাধ্যমে উষ্ণতা ভাগাভাগির দিন। ১৩ ফেব্রুয়ারি – কিস ডে: ভালোবাসার গভীর অনুভূতি প্রকাশের দিন।১৪ ফেব্রুয়ারি – ভ্যালেন্টাইন’স ডে: ভালোবাসা উদযাপনের প্রধান দিন।
টেডি বিয়ার আজ আবেগ, ভালোবাসা এবং যত্নের প্রতীক। তাই আজকের এই বিশেষ দিনে প্রিয়জনকে একটি সুন্দর টেডি উপহার দিয়ে ভালোবাসার উষ্ণতা ভাগ করে নিতে পারেন আপনিও।