ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৩ আসনে বিএনপির প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের প্রার্থিতা বহাল রাখার বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। ফলে নির্বাচনে অংশ নিতে তার আর কোনো আইনি বাধা রইলো না।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ প্রদান করেন।
শুনানিকালে আদালতে কায়কোবাদের পক্ষে আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান। অপরদিকে জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন লিপু।
এর আগে তুরস্কের দ্বৈত নাগরিকত্ব রয়েছে—এমন অভিযোগ তুলে কায়কোবাদের মনোনয়নপত্র বাতিলের দাবিতে নির্বাচন কমিশনে আপিল করেন কুমিল্লা-৩ আসনের জামায়াত প্রার্থী ইউসুফ সোহেল। তবে ওই আবেদনের পরিপ্রেক্ষিতে দায়ের করা রিট হাইকোর্টে খারিজ হয়ে যায়।
গত ১৯ জানুয়ারি নির্বাচন কমিশন কায়কোবাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে করা আপিলের শুনানি শেষে তার মনোনয়ন বহাল রাখার সিদ্ধান্ত দেয়। কমিশনের ওই আদেশের বিরুদ্ধে পরবর্তীতে আপিল বিভাগে লিভ টু আপিল দায়ের করা হলেও তা খারিজ হওয়ায় কায়কোবাদের প্রার্থিতা চূড়ান্তভাবে বৈধতা পেল।