প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

আইনের দ্বারস্থ এনসিপি’র সদস্য সচিব-আখতার হোসেন

কাউনিয়া (রংপুর)প্রতিনিধি
প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি, ২০২৬

রংপুর–৪ (কাউনিয়া–পীরগাছা) আসনের ১১ জোটের  মনোনীত প্রার্থী   ও জাতীয় নাগরিক পার্টি  এনসিপির সদস্য সচিব  আখতার হোসেনের নির্বাচনি জনসভার বক্তব্য কাটছাঁট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের অভিযোগে হারাগাছ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

 

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে তিনি  থানায় উপস্থিত হয়ে অভিযোগটি দায়ের করেন।

 

জিডি সূত্রে জানা গেছে, ‘রনক’ নামের এক ব্যক্তি—যাকে এনসিপি প্রার্থী বিএনপির কর্মী হিসেবে দাবি করেছেন—আখতার হোসেনের একটি নির্বাচনি জনসভার বক্তব্য বিকৃতভাবে সম্পাদনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন।

 

 

আখতার হোসেন জানান, জনসভায় তিনি বিগত সময়ের জনপ্রতিনিধিদের ‘অকর্মা’ বলে সমালোচনা করেছিলেন। তবে ছড়িয়ে পড়া ভিডিওতে বক্তব্যটি এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যেন তিনি ‘হারাগাছবাসীকে অকর্মা’ বলেছেন। তার দাবি, এ ধরনের অপপ্রচার তার ব্যক্তিগত সুনাম এবং হারাগাছবাসীর জন্য চরম মানহানিকর।

 

তিনি অবিলম্বে ওই ভিডিওটি মুছে ফেলা এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।

 

জিডি দায়েরের পর উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আখতার হোসেন নির্বাচন কমিশনের একটি সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানান।

 

ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞার সিদ্ধান্তকে তিনি ‘অগণতান্ত্রিক’ উল্লেখ করে বলেন, এতে ভোটগ্রহণের স্বচ্ছতা বিঘ্নিত হতে পারে। তিনি আজকের মধ্যেই এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান।

 

বিষয়টি নিশ্চিত করেছেন হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক চৌহান।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা