যাতায়াতের ভোগান্তি ও আর্থিক কারণে আসন্ন ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জীবনের প্রথম ভোট দিতে পারছেন না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বহু শিক্ষার্থী। এ নিয়ে শিক্ষার্থীদের পক্ষ থেকে ফ্রি বাস সার্ভিসের দাবি উঠলেও এটি সম্ভব নয় বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু)পক্ষ থেকে বলা হয়েছে, দাবিটি নিয়ে আলোচনা চলছে।
বিশ্ববিদ্যালয়ের অনেক দূরবর্তী অঞ্চলের শিক্ষার্থী, বিশেষ করে যারা উত্তরবঙ্গের; তাদের উল্লেখযোগ্য একটি অংশ তাদের জীবনের প্রথম ভোট দিতে যাচ্ছেন না গ্রামে। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের অনলাইন পেইজ ও গ্রুপগুলোতে আলোচনা উঠেছিল–যেন তাদের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে ফ্রি ট্রানজিট সার্ভিস প্রদান করা হয়।
তারা জানান, যাতায়াতে খরচ হবে প্রায় ৪ থেকে ৫ হাজার টাকা। এদিকে নির্বাচনের পর থেকে ১৫ রমজান পর্যন্ত চলবে ক্লাস। এছাড়া অনেকের রয়েছে পরীক্ষা। এখন ভোট দিতে গ্রামে গেলে ঈদের বন্ধে আবার যেতে হবে। এতে খরচ হবে দ্বিগুণ; যেটি তাদের পক্ষে সম্ভব নয় বলে জানান।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থী বলেন, “দীর্ঘ ১৭ বছর পর বহুল আকাঙ্ক্ষিত এ নির্বাচনে ভোট প্রদান আমাদের লালায়িত স্বপ্ন। কিন্তু রাষ্ট্রের প্রথম শ্রেণীর নাগরিক হয়েও আমরা আমাদের জীবনের প্রথম ভোট দিতে পারছি না। আমার বাড়ি উত্তরবঙ্গে, এখান থেকে ৭০০ কিলোমিটার দূরে। তিন-চার হাজার টাকা খরচ করে শুধু ভোট দিতে যাওয়া আমার পক্ষে সম্ভব না। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন বাস গাড়ির ব্যবস্থা করে দিলে ভোট দেওয়া সম্ভব হতো।”
বাংলা বিভাগের শিক্ষার্থী বশির বলেন, “চব্বিশের গণঅভ্যুত্থানের পর দেশে তারুণ্যের একটি জোয়ার বয়েছে। যেটির বড় একটি প্রভাব পড়বে এবারের জাতীয় নির্বাচনে। দীর্ঘ বছর পর আমার জীবনের প্রথম এবারের নির্বাচনে ভোট দেওয়ার তীব্র ইচ্ছা থাকলেও আসলে আমি ভোট দিতে পারছি না বাড়ির দূরত্বের কারণে। শুধু আমিই নয়, বিশ্ববিদ্যালয়ে এমন আরো বহু শিক্ষার্থী রয়েছে। প্রশাসন চাইলে আমাদের ভোটাধিকারটা নিশ্চিত হবে।”
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, “আসলে এটি সম্ভব না। অতীতে এমন নজির নেই। ভোট দিতে যার যার ব্যবস্থাপনায় যাবে। বিশ্ববিদ্যালয় থেকে পরিবহনের ব্যবস্থা করা হলে তাতে অনেক খরচ। তাদের বেশি সমস্যা হলে সরকারকে জানাবে। আমাদের কিছু করার নেই। আপনি চাকসুর সঙ্গে কথা বলুন।”
চাকসুর যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক ইসহাক ভূঁঞা বলেন, “গতকাল (৮ ফেব্রুয়ারি) থেকে আমরা এ বিষয়টা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করছি। তারা বলছে, ক্যাম্পাস অন থাকায় বাস দেওয়া সম্ভব হচ্ছে না। আবার বাজেট সংকটের কারণে ভাড়ায় অন্য বাস দেওয়াও সম্ভব না। পরে আজকে দুপুরে ভিসি স্যারের সঙ্গে আমরা ফের কথা বলেছি। আলোচনায় একটি ট্রেন দেওয়ার বিষয়ে মোটামুটি সম্ভাবনা হয়েছে।”
তিনি বলেন, “ভিসি স্যার রেলওয়ের জিএমকে ফোন দিয়ে শিডিউল ম্যানেজ করতে পারলে আজকের মধ্যে ট্রেন নিশ্চিত হবে, যেটি ঢাকা পর্যন্ত যাবে। এটি না হলে অন্য কোনো বিকল্প নেই।”
এদিকে নির্বাচনে যাতায়াতে দূরবর্তী শিক্ষার্থীদের জন্য ফ্রি বাস সার্ভিসের ব্যবস্থা করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন।