প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ভোটকেন্দ্রে সাংবাদিক-পর্যবেক্ষকদের মোবাইল ফোন ব্যবহারে বাধা নেই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন সাংবাদিক ও নির্বাচন পর্যবেক্ষকদের মোবাইল ফোন সঙ্গে নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশে কোনো নিষেধাজ্ঞা নেই বলে স্পষ্ট করেছে নির্বাচন কমিশন।

 

সোমবার (৯ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবন প্রাঙ্গণে সাংবাদিকদের জন্য নির্ধারিত বুথ পরিদর্শনের সময় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এ তথ্য নিশ্চিত করেন।

 

তিনি বলেন, গণমাধ্যমকর্মী ও অনুমোদিত পর্যবেক্ষকরা পেশাগত প্রয়োজনে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন এবং এ বিষয়ে তাদের জন্য কোনো বিধিনিষেধ আরোপ করা হয়নি।

 

এর আগে রোববার (৮ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত একটি নির্দেশনা দেশের সব রিটার্নিং অফিসারের কাছে পাঠানো হয়। ওই নির্দেশনায় জানানো হয়েছিল, নির্বাচন ও গণভোটের দিন ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, পুলিশ ইনচার্জ এবং ‘নির্বাচন সুরক্ষা–২০২৬’ অ্যাপ ব্যবহারকারী নির্ধারিত দুইজন আনসার সদস্য ছাড়া অন্য কেউ মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে প্রবেশ করতে পারবেন না।

 

নির্দেশনায় আরও বলা হয়, ভোটগ্রহণের দিন আইনশৃঙ্খলা রক্ষা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার স্বার্থে এ বিধিনিষেধ কার্যকর করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসাররা।

 

তবে নির্বাচন কমিশনারের সর্বশেষ বক্তব্য অনুযায়ী, সাংবাদিক ও পর্যবেক্ষকদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা