আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ নিষিদ্ধের ইসির সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
সোমবার (৯ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এক যৌথ বিবৃতিতে বলেন, ৪০০ গজের মধ্যে মোবাইল নিষিদ্ধ করার এই সিদ্ধান্ত জনগণের আস্থা ও স্বচ্ছ নির্বাচনের পরিবেশকে ক্ষতিগ্রস্ত করতে পারে।
বিবৃতিতে নেতৃবৃন্দ প্রশ্ন তুলেছেন, কেন ভোটকেন্দ্রে সাধারণ ভোটারদের মোবাইল ব্যবহারে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হলো। তারা আশঙ্কা প্রকাশ করেছেন, এটি ভোট জালিয়াতি বা নির্বাচনী ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ বাড়াতে পারে।
নেতৃবৃন্দ বলেন, মোবাইল ফোন কেবল যোগাযোগের মাধ্যম নয়, বরং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। ৪০০ গজের এই অদ্ভুত বিধিনিষেধের ফলে ঘনবসতিপূর্ণ এলাকায় ভোটারদের নিরাপত্তা ও যাতায়াতও ঝুঁকির মুখে পড়তে পারে, যা ভোটার উপস্থিতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
ছাত্রশিবির দেশের রাজনৈতিক দল, সামাজিক ও নাগরিক সংগঠনসহ সকল গণতান্ত্রিক শক্তিকে আহ্বান জানিয়েছে, নির্বাচনের স্বচ্ছতা ও জনগণের ভোটাধিকারের সুরক্ষায় এই অযৌক্তিক নির্দেশনা অবিলম্বে প্রত্যাহার করতে।