ডলারের মান কমার প্রভাবেই আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আবারও ঊর্ধ্বমুখী। সোমবার আউন্সপ্রতি স্বর্ণের দাম ৫ হাজার ডলারের ওপরে উঠে গেছে। একই সঙ্গে রুপার দরও বেড়েছে।
স্পট গোল্ডের দাম ১.১ শতাংশ বৃদ্ধি পেয়ে আউন্সপ্রতি ৫,০১২.৭৬ ডলারে পৌঁছেছে। এপ্রিল ডেলিভারির মার্কিন গোল্ড ফিউচারস ৫,০৩৩.৮০ ডলারে লেনদেন হয়েছে। বিশ্লেষকদের মতে, ডলারের দুর্বলতায় বিদেশি ক্রেতাদের জন্য স্বর্ণ ও রুপা সস্তা হওয়ায় চাহিদা বাড়ছে।
এছাড়া জাপানের নির্বাচনে প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির জয় এবং ডলারের দরপতনও বাজারকে প্রভাবিত করেছে। কম দামে কেনার প্রবণতা (বাগেইন হান্টিং) স্বর্ণের দামকে আবার আউন্সপ্রতি ৫ হাজার ডলারের ওপরে তুলেছে।
এই সপ্তাহে যুক্তরাষ্ট্রের কর্মসংস্থান ও মূল্যস্ফীতি সংক্রান্ত তথ্য প্রকাশের অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরা। ধারণা করা হচ্ছে, ২০২৬ সালে মার্কিন ফেডারেল রিজার্ভ অন্তত দুই দফা সুদহার কমাতে পারে, যা সাধারণত সুদবিহীন সম্পদ যেমন স্বর্ণের চাহিদা বাড়ায়।
অন্যদিকে রুপার দাম ৪.৬ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৮১.৫৪ ডলারে পৌঁছেছে। তবে প্লাটিনামের দাম সামান্য কমে ২,০৯০ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১ শতাংশ বৃদ্ধি পেয়ে ১,৭২৩ ডলারে দাঁড়িয়েছে।