প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধের সিদ্ধান্ত বাতিলের দাবি ডাকসু ভিপির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সময় ভোটকেন্দ্রের নির্দিষ্ট সীমানার মধ্যে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞাকে কঠোর সমালোচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

সোমবার (৯ ফেব্রুয়ারি) তার ফেসবুক পোস্টে তিনি বলেছেন, ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধ করা মানে ভোটারদের নিজের মোবাইল ঘরে রেখে কেন্দ্রে যেতে হবে, যা সিটিজেন জার্নালিজম ও সাংবাদিকতার কাজকে কার্যকর হতে দেবে না। ভোটকেন্দ্রে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলেও তার তথ্য বা ফুটেজ থাকবে না।

সাদিক কায়েম আরও জানান, নির্বাচন কমিশন দেশের নাগরিকদের তথ্য পাওয়ার অধিকার কেড়ে নেওয়ার জন্য নয়, বরং ফ্রি, ফেয়ার এবং নিরাপদ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে কাজ করে। তিনি স্পষ্টভাবে দাবি করছেন, এই নিষেধাজ্ঞা অবিলম্বে বাতিল করা হোক।

এর আগে ইসি জানিয়েছিল, ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে সাধারণ ভোটার মোবাইল বহন করতে পারবেন না। তবে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার, পুলিশ ইনচার্জ, দায়িত্বপ্রাপ্ত আনসার এবং ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারকারী দুজন আনসার মোবাইল রাখতে পারবেন।

নির্বাচনে সহিংসতা রোধ ও দ্রুত তথ্য পৌঁছানোর জন্য এবার ‘নির্বাচন সুরক্ষা’ অ্যাপ ব্যবহার করা হচ্ছে। দেশের ৪৩ হাজার ভোটকেন্দ্রের মধ্যে ২৫ হাজার ৭০০ কেন্দ্রে পুলিশ সদস্যদের জন্য ‘বডি ওর্ন’ ক্যামেরা সরবরাহ করা হয়েছে, যা কেন্দ্রে পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা