ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলাকালীন দেশের টেলিযোগাযোগ ও ইন্টারনেট সংযোগ নিরাপদ ও অবিচ্ছিন্ন রাখতে নির্বাচন কমিশন (ইসি) কঠোর নির্দেশনা দিয়েছে। নির্বাচনকালীন সময়ে কোনো সংস্কার বা উন্নয়ন কাজের ফলে গুরুত্বপূর্ণ সংযোগ বিচ্ছিন্ন না হওয়ার জন্য সংশ্লিষ্ট বিভাগগুলোকে সতর্ক করা হয়েছে।
ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহীদুল ইসলাম ইতোমধ্যে স্থানীয় সরকার বিভাগ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, বিদ্যুৎ বিভাগ ও ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিবদের কাছে নির্দেশনাপত্র পাঠিয়েছেন।
চিঠিতে বলা হয়েছে, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে ব্যবহৃত টেলিযোগাযোগ ও ট্রান্সমিশন সংযোগগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই সড়ক বা হাইওয়ের উন্নয়নমূলক কাজের সময় কোনোভাবেই সংযোগ বিচ্ছিন্ন করা যাবে না। এছাড়া, কোনো খনন বা সংস্কার কাজ বিটিআরসি-র সঙ্গে সমন্বয় ছাড়া করা যাবে না, যা ইন্টারনেট বা টেলিযোগাযোগে বিঘ্ন ঘটাতে পারে।
ইসি আরও জানায়, নির্বাচনের দিন এবং এর আগে ও পরে আইনশৃঙ্খলা রক্ষা, ফলাফল আদান-প্রদান এবং সার্বিক যোগাযোগের জন্য শক্তিশালী টেলিযোগাযোগ ব্যবস্থা অপরিহার্য। তাই ডিজিটাল সংযোগের নিরাপত্তা নিশ্চিত করতেই এই নির্দেশনা জারি করা হয়েছে।