আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সারাদেশে যানবাহন চলাচলের ওপর সাময়িক বিধিনিষেধ আরোপ করেছে সরকার। এর অংশ হিসেবে আগামী ১০ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা থেকে টানা ৭২ ঘণ্টা মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন বিআরটিএ সংস্থাপন শাখার উপসচিব আল-আমীন মো. নুরুল ইসলামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১০ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে ১৩ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত সারাদেশে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ থাকবে।
এছাড়া, ১১ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টার জন্য ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন ও অনুমোদিত পর্যবেক্ষক দল, জরুরি সেবায় নিয়োজিত যানবাহন, চিকিৎসা ও ওষুধ পরিবহন, সংবাদপত্র বহনকারী যানবাহনসহ কয়েকটি ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা শিথিল থাকবে। একইভাবে, বিমান যাত্রী বা তাদের স্বজনদের আনা–নেওয়ার কাজে ব্যবহৃত যানবাহন টিকিট বা প্রাসঙ্গিক কাগজপত্র প্রদর্শন সাপেক্ষে চলাচলের সুযোগ পাবে।
প্রার্থীদের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তার নির্বাচনী এজেন্টের জন্য একটি করে ছোট যানবাহন ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে, তবে এর জন্য রিটার্নিং অফিসারের অনুমোদন এবং গাড়িতে নির্ধারিত স্টিকার প্রদর্শন বাধ্যতামূলক।
এছাড়া সাংবাদিক, নির্বাচন পর্যবেক্ষক, টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের যানবাহন নির্বাচন কমিশন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে চলাচল করতে পারবে।
প্রয়োজন অনুসারে জাতীয় মহাসড়ক, বন্দর সংযোগ সড়ক কিংবা গুরুত্বপূর্ণ রাস্তায় নিষেধাজ্ঞা শিথিল বা আরোপের ক্ষমতা জেলা ম্যাজিস্ট্রেট ও মেট্রোপলিটন পুলিশ কমিশনারদের দেওয়া হয়েছে।