প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি, ২০২৬

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রাজধানীর সাতটি সরকারি কলেজের উচ্চশিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ গঠনে অধ্যাদেশ জারি করেছে সরকার।

রোববার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, ২০২৬’ গেজেট আকারে প্রকাশ করে। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নতুন এই বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হলো।

প্রাথমিক খসড়া অধ্যাদেশে সাতটি কলেজকে চারটি পৃথক স্কুলে বিভক্ত করার প্রস্তাব থাকলেও চূড়ান্ত অধ্যাদেশে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে সরকার। নতুন অধ্যাদেশ অনুযায়ী, সংশ্লিষ্ট কলেজগুলো তাদের স্বতন্ত্র পরিচয় বজায় রেখেই একাডেমিকভাবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সঙ্গে সংযুক্ত থাকবে।

এই অধ্যাদেশের আওতায় ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, এসব কলেজ আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থাকলেও ২০১৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংযুক্ত করা হয়। পরবর্তীতে একাডেমিক জটিলতা ও নানা সমস্যার অভিযোগ তুলে শিক্ষার্থীরা স্বতন্ত্র একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন করে আসছিলেন।

শিক্ষার্থীদের মতে, নতুন এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা উচ্চশিক্ষা ব্যবস্থায় একটি যুগান্তকারী পদক্ষেপ এবং এটি তাদের দীর্ঘদিনের ন্যায্য দাবির বাস্তবায়ন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা