আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ভোটকেন্দ্রের নিরাপত্তা ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে কঠোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন নির্দেশনা অনুযায়ী, ভোটকেন্দ্রের চারশ গজ এলাকার ভেতরে সীমিত কয়েকজন কর্মকর্তা ছাড়া কারও মোবাইল ফোন বহনের অনুমতি থাকবে না।
রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশনা জারি করা হয়।
ইসির সিদ্ধান্ত অনুযায়ী, ভোটকেন্দ্রের ভেতরে কেবল তিন শ্রেণির ব্যক্তি মোবাইল ফোন সঙ্গে রাখতে পারবেন। তারা হলেন—কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, নিরাপত্তায় নিয়োজিত পুলিশ ইনচার্জ এবং ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারের দায়িত্বে থাকা দুইজন আনসার সদস্য (অঙ্গীভূত আনসার/সাধারণ আনসার/ভিডিপি)।
নির্দেশনায় বলা হয়েছে, ভোটগ্রহণের দিন কেন্দ্রের চারশ গজ ব্যাসার্ধের মধ্যে সাধারণ ভোটার, প্রার্থী কিংবা অন্য কোনো ব্যক্তি মোবাইল ফোন বহন বা ব্যবহার করতে পারবেন না। এই আদেশ অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ভোটের স্বচ্ছতা বজায় রাখা এবং কেন্দ্র থেকে অননুমোদিত ছবি, ভিডিও বা তথ্য আদান-প্রদান রোধ করতেই এই কড়াকড়ি আরোপ করা হয়েছে। তবে নির্বাচনী দায়িত্বে থাকা আনসার সদস্যরা নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন বলে তাদের ক্ষেত্রে সীমিত ছাড় রাখা হয়েছে।
এ নির্দেশনা বাস্তবায়নে বিভাগীয় ও জেলা পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।