প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

চট্টগ্রাম বন্দরের ধর্মঘট স্থগিত: ফের চালু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি, ২০২৬

জাতীয় নির্বাচন ও পবিত্র রমজান মাসকে সামনে রেখে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত চট্টগ্রাম বন্দরের অনির্দিষ্টকালের ধর্মঘট স্থগিতের ঘোষণা দিয়েছে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। এর ফলে দীর্ঘ অচলাবস্থার পর আবারও স্বাভাবিক কার্যক্রমে ফিরেছে দেশের প্রধান সমুদ্রবন্দরটি।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বন্দরের সব অপারেশনাল কার্যক্রম পুনরায় শুরু হয়। ধর্মঘট চলাকালে বন্ধ থাকা জেনারেল কার্গো বার্থ (জিসিবি), চিটাগং কনটেইনার টার্মিনাল (সিসিটি) ও নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি)—এই তিনটি গুরুত্বপূর্ণ টার্মিনালেও সকাল থেকেই জাহাজ থেকে পণ্য ও কনটেইনার ওঠানো-নামানোর কাজ শুরু হয়েছে।

বন্দর সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেটি, ইয়ার্ড, টার্মিনাল, প্রশাসনিক ভবন ছাড়াও বহির্নোঙরে (আউটার লাইটারেজ) পণ্য পরিচালনার কাজ পুনরায় চালু হয়েছে। রোববার কর্মবিরতির কারণে এসব কার্যক্রম পুরোপুরি বন্ধ ছিল।

রোববার রাতেই এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন আন্দোলনকারীরা। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিডার চেয়ারম্যান আশিক চৌধুরীর ঘোষণায় অন্তর্বর্তী সরকারের মেয়াদে নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা দেওয়া হবে না—এমন আশ্বাস পাওয়ায় নির্বাচন ও রোজার পণ্য খালাসের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে বিজ্ঞপ্তিতে এটাও উল্লেখ করা হয়, আন্দোলনকারী শ্রমিক-কর্মচারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা, গ্রেপ্তার, শাস্তিমূলক বদলি, বাসা বরাদ্দ বাতিল এবং ১৬ জন কর্মচারীর সাময়িক বরখাস্তের মতো পদক্ষেপের বিষয়ে সমাধান না এলে ভবিষ্যতে আবারও কর্মসূচি দেওয়া হতে পারে।

চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক হুমায়ুন কবির বলেন, এনসিটিকে বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার প্রক্রিয়া বর্তমান সরকারের সময়ে এগোবে না—এই ঘোষণাকে তারা প্রাথমিক সাফল্য হিসেবে দেখছেন। সব দিক বিবেচনা করেই আপাতত কর্মসূচি স্থগিত করা হয়েছে এবং সকাল ৮টা থেকে শ্রমিক-কর্মচারীরা কাজে যোগ দিয়েছেন।

উল্লেখ্য, এনসিটির ইজারা প্রক্রিয়া বন্ধের দাবিতে গত শনিবার থেকে টানা কর্মবিরতিতে যান বন্দর শ্রমিক-কর্মচারীরা। এতে চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম প্রায় অচল হয়ে পড়ে। ধর্মঘট প্রত্যাহারের খবরে বন্দর ব্যবহারকারী ও ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরলেও, টানা সাত দিন কাজ বন্ধ থাকায় সৃষ্ট ক্ষতি কাটিয়ে উঠতে সময় লাগবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা