প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে মঙ্গলবার সকালে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি, ২০২৬

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে আগামী মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায়। নির্বাচন আইন অনুযায়ী, ভোটগ্রহণের অন্তত ৪৮ ঘণ্টা আগে সব ধরনের প্রচার কার্যক্রম বন্ধ রাখার বাধ্যবাধকতা রয়েছে।

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার পর থেকে রাজনৈতিক দল ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা কোনো ধরনের নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন না।

ইসি সূত্রে জানা গেছে, আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারাদেশে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। শেরপুর-৩ আসনে একজন প্রার্থীর মৃত্যুর কারণে ওই আসনের নির্বাচন বাতিল হওয়ায় এবার ৩০০ আসনের পরিবর্তে ২৯৯টি সংসদীয় আসনে ভোট গ্রহণ করা হবে। ভোটগ্রহণ হবে স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে।

নির্বাচন কমিশন জানিয়েছে, এরই মধ্যে দেশের ৪৯টি জেলায় সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কাছে ব্যালট পেপার পাঠানো হয়েছে। বাকি জেলাগুলোতেও আজকের মধ্যেই ব্যালট পৌঁছে দেওয়ার কথা রয়েছে।

এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৫৪ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫২৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২২০ জন।

ইসির তথ্য অনুযায়ী, ভোটার সংখ্যার দিক থেকে সর্বনিম্ন ঝালকাঠি-১ আসনে ২ লাখ ২৮ হাজার ৪৩১ জন এবং সর্বাধিক গাজীপুর-২ আসনে ৮ লাখ ৪ হাজার ৩৩৩ জন ভোটার রয়েছেন।

এই নির্বাচনে ৫১টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। সব মিলিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ২ হাজার ৩৪ জন, যার মধ্যে ২৭৫ জন স্বতন্ত্র প্রার্থী। দলীয়ভাবে সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে বিএনপি—২৯১ জন।

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব জানান, ২৯৯টি আসনে ভোটগ্রহণের জন্য সারাদেশে ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে মোট ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষ প্রস্তুত রাখা হয়েছে।

প্রার্থী সংখ্যার দিক থেকে ঢাকা-১২ আসনে সর্বাধিক ১৫ জন এবং পিরোজপুর-১ আসনে সর্বনিম্ন মাত্র ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচন সুষ্ঠু ও নিরাপদ করতে প্রায় ৮ লাখ নির্বাচনী কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকবেন প্রায় ৯ লাখ সদস্য।

এছাড়া নির্বাচন পর্যবেক্ষণে থাকবেন ৮১টি দেশীয় নিবন্ধিত সংস্থার ৫৫ হাজার ৪৫৪ জন পর্যবেক্ষক। এর মধ্যে কেন্দ্রীয় পর্যবেক্ষক ৭ হাজার ৯৯৭ জন এবং স্থানীয় পর্যায়ে দায়িত্ব পালন করবেন ৪৭ হাজার ৪৫৭ জন। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, এবারের নির্বাচনে প্রায় ৫০০ জন বিদেশি পর্যবেক্ষকও উপস্থিত থাকবেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা