ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে আজ সোমবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন দেশের তিনটি প্রধান রাজনৈতিক দলের শীর্ষ নেতারা।
বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) সূত্রে জানা গেছে, ৯ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা থেকে এসব ভাষণ ধারাবাহিকভাবে সম্প্রচার করা হবে। নির্বাচনের আগে দলগুলোর অবস্থান, পরিকল্পনা ও দিকনির্দেশনা তুলে ধরতেই এই আয়োজন করা হয়েছে।
সূচি অনুযায়ী, সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে জাতির উদ্দেশে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এরপর সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে ভাষণ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। একই দিনে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকও জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করবেন।
এর আগে গতকাল রোববার বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচারিত হয় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের ভাষণ।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। ওইদিন সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। এবারের নির্বাচনে মোট ৫১টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে, যা নির্বাচনী ইতিহাসে অন্যতম বড় অংশগ্রহণ বলে মনে করা হচ্ছে।