প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

লালমনিরহাটে স্বতন্ত্র প্রার্থীর গাড়িবহরে হামলা: মহাসড়ক অবরোধ

লালমনিরহাটে স্বতন্ত্র প্রার্থীর গাড়িবহরে হামলা—মহাসড়ক অবরোধে যানজট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি, ২০২৬

লালমনিরহাটে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। লালমনিরহাট-১ (হাতীবান্ধা–পাটগ্রাম) আসনের স্বতন্ত্র প্রার্থী শিহাব আহম্মেদের নির্বাচনী গাড়িবহরে দুর্বৃত্তদের হামলার অভিযোগ উঠেছে। রোববার (৮ ফেব্রুয়ারি) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে হাতীবান্ধা উপজেলার জোড়াপুকুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের প্রচারণা শেষে ফেরার পথে জোড়াপুকুর এলাকায় পৌঁছালে হঠাৎ একদল লোক গাড়িবহর লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে শুরু করে। এতে প্রার্থীর ব্যবহৃত গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। হামলায় শিহাব আহম্মেদসহ তার সঙ্গে থাকা কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলেও দাবি করা হয়।

হামলার খবর ছড়িয়ে পড়লে প্রার্থীর সমর্থকরা ক্ষোভে ফেটে পড়েন। তারা ঘটনার প্রতিবাদ এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বুড়িমারী–পাটগ্রাম মহাসড়কের একাধিক স্থানে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। এতে সড়কের উভয় পাশে শতাধিক ট্রাক ও বাস আটকে পড়ে এবং তীব্র যানজটের সৃষ্টি হয়। দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।

পরিস্থিতি শান্ত করতে হাতীবান্ধা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করে। উত্তেজনা ছড়িয়ে পড়ায় এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্যের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে।

হামলার বিষয়ে আহত অবস্থায় স্বতন্ত্র প্রার্থী শিহাব আহম্মেদ বলেন, তারা শান্তিপূর্ণভাবে প্রচারণা শেষ করে বাড়ি ফিরছিলেন। কিন্তু পূর্বপরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালানো হয় এবং গাড়ি ভাঙচুর করা হয়। এ ধরনের সহিংসতা অব্যাহত থাকলে সাধারণ ভোটারদের ভোটকেন্দ্রে যাওয়া নিয়ে শঙ্কা তৈরি হবে বলেও উদ্বেগ প্রকাশ করেন তিনি।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করে। হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা