ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণের দিনে প্রার্থী এবং নির্বাচনী এজেন্টদের যানবাহন ব্যবহারের বিষয়ে বিশেষ দিকনির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
নতুন বিধিমালা অনুযায়ী, একজন প্রার্থী ও তার নির্বাচনী এজেন্ট প্রত্যেকে একটি করে ছোট আকারের যানবাহন ব্যবহার করতে পারবেন। এর মধ্যে জিপ, কার, মাইক্রোবাস, সিএনজি কিংবা অটোরিকশা অন্তর্ভুক্ত রয়েছে। প্রতিটি গাড়িতে চালকসহ সর্বোচ্চ পাঁচজন যাত্রী থাকতে পারবেন। যদি প্রার্থীর সঙ্গে নিরাপত্তার জন্য গানম্যান নিয়োজিত থাকে, তবে তাকেও এই পাঁচজনের হিসাবের মধ্যেই ধরা হবে।
যেসব দুর্গম বা প্রত্যন্ত এলাকায় মোটরসাইকেল ছাড়া অন্য কোনো যান চলাচল সম্ভব নয়, সেখানে প্রার্থী ও তার এজেন্ট সর্বোচ্চ দুটি করে মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন। প্রতিটি মোটরসাইকেলে চালকসহ সর্বোচ্চ দুজন চলাচল করতে পারবেন এবং চালকের অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
নৌপথে যাতায়াতের ক্ষেত্রেও আলাদা নির্দেশনা দিয়েছে কমিশন। সেখানে প্রার্থী ও তার এজেন্ট প্রত্যেকে নৌযান চালকসহ সর্বোচ্চ পাঁচজন করে চলাচল করতে পারবেন।
নির্দেশনায় আরও বলা হয়েছে, প্রার্থী, নির্বাচনী এজেন্ট ও গানম্যান ছাড়া অন্য কেউ যানবাহনে থাকলে তাদের অবশ্যই সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছ থেকে অনুমোদিত পরিচয়পত্র সংগ্রহ করতে হবে। একই সঙ্গে রিটার্নিং অফিসার প্রদত্ত বিশেষ স্টিকার গাড়িতে দৃশ্যমানভাবে প্রদর্শন করতে হবে।
এছাড়া প্রার্থী ও তার নির্বাচনী এজেন্ট ছাড়া অন্য কোনো ব্যক্তি ভোটকেন্দ্রের নির্ধারিত সীমানার ভেতরে প্রবেশ করতে পারবেন না বলেও কঠোরভাবে উল্লেখ করা হয়েছে।
নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ও শৃঙ্খলাপূর্ণ রাখতে এই নির্দেশনাগুলো যথাযথভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন।