জাতীয় নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রাত ৯টায় তার এই গুরুত্বপূর্ণ বক্তব্য রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে একযোগে সম্প্রচার করা হবে।
জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই সনদ বাস্তবায়ন সংক্রান্ত গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ প্রেক্ষাপটে একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা তুলে ধরতেই এই ভাষণ দেওয়া হবে।
দলটি জানায়, নির্বাচনী প্রচারণার ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। এ লক্ষ্যে রাষ্ট্রীয় গণমাধ্যমে ভাষণ সম্প্রচারের অনুমতি চেয়ে গত ৩ ফেব্রুয়ারি প্রধান নির্বাচন কমিশনার বরাবর আনুষ্ঠানিকভাবে আবেদন করে জামায়াত।
এদিকে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষ্যে রাজনৈতিক দলগুলোর দলীয় বক্তব্য সম্প্রচারের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেলিভিশন। এর অংশ হিসেবে গত রোববার (৮ ফেব্রুয়ারি) জাতির উদ্দেশে ভাষণ দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।