প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বিকাশ-রকেট-নগদে এক হাজার টাকার বেশি পাঠানো যাবে না

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মোবাইল ব্যাংকিং লেনদেনে সাময়িক বিধিনিষেধ আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী বিকাশ, রকেট ও নগদসহ সব মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে (এমএফএস) নির্ধারিত সময়ের মধ্যে সীমিত পরিমাণে লেনদেন করা যাবে।

রোববার (৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-১ এ সংক্রান্ত নির্দেশনা জারি করে। নির্দেশনায় বলা হয়, নির্বাচনের সময় এমএফএস ও এনপিএসবি’র আওতাধীন আইবিএফটি ব্যবস্থার মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তিতে (পি-টু-পি) লেনদেনের অপব্যবহার ঠেকাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ৯৬ ঘণ্টা মোবাইল ব্যাংকিংয়ের ব্যক্তি হিসাবের লেনদেন সীমিত থাকবে। এ সময় একজন গ্রাহক দিনে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত লেনদেন করতে পারবেন। প্রতিবার লেনদেনের সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়েছে এক হাজার টাকা এবং দিনে সর্বোচ্চ ১০ বার লেনদেন করা যাবে।

তবে মার্চেন্ট পেমেন্ট ও ইউটিলিটি বিল পরিশোধের ক্ষেত্রে প্রচলিত নিয়ম অনুযায়ী লেনদেন চালু থাকবে। এর বাইরে উল্লিখিত সময়সীমায় অন্যান্য সব ধরনের এমএফএস লেনদেন সাময়িকভাবে বন্ধ থাকবে।

বর্তমানে একজন গ্রাহক দিনে সর্বোচ্চ ৫০ হাজার টাকা এবং মাসে তিন লাখ টাকা পর্যন্ত মোবাইল ব্যাংকিং লেনদেন করতে পারেন।

বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, নির্বাচনকালীন সময়ে এমএফএস সংক্রান্ত অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য প্রতিটি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানকে নিজস্ব কুইক রেসপন্স সেল গঠন করতে হবে। একই সঙ্গে সব ধরনের লেনদেন সার্বক্ষণিক পর্যবেক্ষণের আওতায় রাখতে হবে এবং সন্দেহজনক বা অস্বাভাবিক লেনদেন শনাক্ত হলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট থানায় জানাতে হবে।

এ ছাড়া এই ৯৬ ঘণ্টায় আইবিএফটির মাধ্যমে পি-টু-পি ইন্টারনেট ব্যাংকিং লেনদেন সম্পূর্ণ বন্ধ থাকবে। নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের নির্দেশও দেওয়া হয়েছে।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা