চট্টগ্রাম নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার সিদ্ধান্ত বাতিলসহ চার দফা দাবিতে চট্টগ্রাম বন্দরে চলমান আন্দোলন ঘিরে চরম উত্তেজনা বিরাজ করছে। আন্দোলনের সঙ্গে যুক্ত শ্রমিক-কর্মচারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা, দেশত্যাগে নিষেধাজ্ঞার উদ্যোগ ও অবৈধ সম্পদ তদন্তের ঘোষণার পর গ্রেপ্তার আতঙ্কে আন্দোলনের নেতাকর্মীরা আত্মগোপনে রয়েছেন বলে দাবি করা হয়েছে।
চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের কর্মসূচির অংশ হিসেবে গত ৩১ জানুয়ারি থেকে টানা তিন দিন প্রতিদিন আট ঘণ্টা করে কাজ বন্ধ রাখেন শ্রমিকরা। পরে গত মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হলে বন্দরের কনটেইনার পরিবহন কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়ে।
আন্দোলনের আড়ালে নৈরাজ্য সৃষ্টির অভিযোগে ছয়জন শ্রমিক-কর্মচারীকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত থেকে রোববার সকাল পর্যন্ত বন্দর এলাকায় অভিযান চালিয়ে তাদের তুলে নেওয়া হয় বলে অভিযোগ করেছেন সংগ্রাম পরিষদের সমন্বয়ক ইব্রাহিম খোকন। যদিও আইনশৃঙ্খলা বাহিনী এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
ইব্রাহিম খোকন বলেন, শক্তি প্রয়োগ করে আন্দোলন দমন করতে চাইলে পরিস্থিতি আরও জটিল হবে। আলোচনা ছাড়া এ সংকটের সমাধান সম্ভব নয়।
এর আগে আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ১৫ জন শ্রমিক-কর্মচারীকে শাস্তিমূলক বদলির আদেশ দেয়। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হাসিম স্বাক্ষরিত অফিস আদেশে তাদের মোংলা ও পায়রা বন্দরে সংযুক্ত করা হয়। পরে ৫ ফেব্রুয়ারি এ আদেশ স্থগিত করা হলেও আন্দোলন অব্যাহত থাকায় রোববার (৮ ফেব্রুয়ারি) স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়।
বদলিকৃতদের মধ্যে রয়েছেন আন্দোলনের সমন্বয়ক মো. হুমায়ুন কবিরসহ পাঁচ নেতা-কর্মচারী। অফিস আদেশে তাদের বিরুদ্ধে বন্দর এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়। একই সঙ্গে তদন্তের স্বার্থে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ এবং দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে সম্পদ তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে।
এসব ঘটনার পর গ্রেপ্তার আতঙ্কে আন্দোলনের নেতাকর্মীরা আত্মগোপনে রয়েছেন বলে জানিয়েছেন হুমায়ুন কবির। তিনি বলেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করে দূর থেকেই আন্দোলনের কার্যক্রম চালানো হচ্ছে।
এদিকে রোববার বিকেলে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী জানিয়েছেন, বর্তমান সরকারের সময়ে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চট্টগ্রাম বন্দর ইজারা চুক্তি হচ্ছে না। তার এই বক্তব্যের পর আন্দোলনকারীরা কর্মসূচি নিয়ে নতুন করে ভাবার ইঙ্গিত দিয়েছেন।
রোববার সকাল থেকে শুরু হওয়া কর্মবিরতির ফলে চট্টগ্রাম বন্দরের তিনটি টার্মিনাল ও বহির্নোঙরে পণ্য ওঠানামাসহ প্রায় সব কার্যক্রম বন্ধ হয়ে যায়। প্রধান জেটিতে থাকা ১২টি জাহাজ ও বহির্নোঙরে অপেক্ষমাণ ৮০টির বেশি জাহাজ থেকে পণ্য খালাস বন্ধ রয়েছে। বন্দরের ইয়ার্ডে অন্তত ৪০ হাজার আমদানিযোগ্য কনটেইনার এবং ডিপোগুলোতে ১২ হাজারের বেশি রপ্তানিযোগ্য কনটেইনার আটকা পড়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে বন্দরের গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এদিকে রমজান সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্য খালাসে বিলম্ব হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন ব্যবসায়ী সংগঠন।
চট্টগ্রাম মহানগর বিএনপির নেতারাও এক বিবৃতিতে এনসিটি লিজ দেওয়ার উদ্যোগকে অযৌক্তিক ও জাতীয় স্বার্থবিরোধী আখ্যা দিয়ে অবিলম্বে সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন।