বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার পর গত ৫৪ বছরে গড়ে ওঠা রাজনৈতিক ও সামাজিক কাঠামোর ভিত্তিই ছিল বৈষম্য— এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, এই বৈষম্যের পরিণতিতেই ২০২৪ সালের জুলাইয়ে পুরোনো রাষ্ট্রীয় বন্দোবস্ত ভেঙে পড়ে।
রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নাহিদ ইসলাম বলেন, বৈষম্য শুধু অর্থনীতির মধ্যেই সীমাবদ্ধ ছিল না; বরং রাজনৈতিক ক্ষমতা, সামাজিক মর্যাদা, আইন প্রয়োগ এবং সুযোগ বণ্টনের প্রতিটি স্তরে তা গভীরভাবে প্রোথিত ছিল। রাষ্ট্রক্ষমতার কাছাকাছি থাকা একটি গোষ্ঠীই কেবল সুযোগ-সুবিধা ভোগ করেছে, আর সাধারণ মানুষ ও প্রান্তিক জনগোষ্ঠী বঞ্চিত থেকেছে।
তিনি বলেন, স্বাধীনতার পর রাষ্ট্রের প্রতিশ্রুতি ছিল সাম্য ও ন্যায়বিচার; কিন্তু বাস্তবে রাজনৈতিক আনুগত্যই হয়ে ওঠে চাকরি, ব্যবসা, শিক্ষা ও বিচার পাওয়ার প্রধান শর্ত। একটি প্রভাবশালী রাজনৈতিক-আমলাতান্ত্রিক-ব্যবসায়ী চক্র রাষ্ট্রীয় সম্পদ ও উন্নয়ন প্রকল্পকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে।
রাজধানীকেন্দ্রিক উন্নয়নের সমালোচনা করে এনসিপির আহ্বায়ক বলেন, ঢাকাকে ঘিরেই অবকাঠামো, সুযোগ-সুবিধা ও সম্পদের সিংহভাগ কেন্দ্রীভূত করা হয়েছে। ফলে একটি ক্ষুদ্র ধনী শ্রেণি তৈরি হলেও গ্রাম ও মফস্বল এলাকার উন্নয়ন উপেক্ষিত থেকে গেছে। এই বৈষম্যের বিরুদ্ধেই জুলাই গণঅভ্যুত্থান ছিল একটি গণবিদ্রোহ।
দীর্ঘ ১৫ বছরের ফ্যাসিবাদী শাসনের কথা তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, গুম, খুন, নির্যাতন ও দুর্নীতির জন্য পুরো রাষ্ট্রযন্ত্র ব্যবহার করা হয়েছে। আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনগুলোর পাশাপাশি বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের একটি অংশ এতে যুক্ত ছিল।
তিনি অভিযোগ করেন, বিপুল পরিমাণ রাষ্ট্রীয় অর্থ বিদেশে পাচার করা হয়েছে, যার পরিমাণ প্রায় ২৩৪ বিলিয়ন ডলার। সরকার গঠনের সুযোগ পেলে এই অর্থ উদ্ধারে আন্তর্জাতিক আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং লুটপাটকারীদের সম্পদ বাজেয়াপ্ত করা হবে বলেও ঘোষণা দেন তিনি।
পররাষ্ট্রনীতির বিষয়ে নাহিদ ইসলাম বলেন, আগের সরকার দেশের স্বার্থ বিসর্জন দিয়ে একটি নতজানু নীতিতে আবদ্ধ ছিল। এনসিপি ক্ষমতায় এলে ভারসাম্যপূর্ণ, আত্মমর্যাদাশীল পররাষ্ট্রনীতি গ্রহণ করা হবে এবং সার্ক পুনর্জীবনসহ মুসলিম বিশ্ব ও এশীয় অঞ্চলের সঙ্গে সম্পর্ক জোরদার করা হবে।
তিনি আরও বলেন, পুলিশ, বিচারব্যবস্থা ও প্রশাসনে ব্যাপক সংস্কার আনা হবে। ঘুষ ও রাজনৈতিক প্রভাবমুক্ত বিচারব্যবস্থা গড়ে তোলা, পুলিশকে জনবান্ধব বাহিনীতে রূপান্তর এবং বিকেন্দ্রীকৃত শাসনব্যবস্থা প্রতিষ্ঠা এনসিপির অন্যতম অঙ্গীকার।
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কৃষক ও ভোক্তার ন্যায্য অধিকার নিশ্চিত, সিন্ডিকেট ভাঙা, কর্মসংস্থান সৃষ্টি, প্রবাসগমন ব্যয় কমানো, খাদ্যে ভেজাল রোধ, নারী নিরাপত্তা ও শিক্ষা ব্যবস্থার মৌলিক সংস্কারের প্রতিশ্রুতিও দেন নাহিদ ইসলাম।
ভাষণের শেষাংশে তিনি বলেন, এনসিপি এমন একটি বাংলাদেশ গড়তে চায় যেখানে ধর্ম, জাতিগত পরিচয় বা রাজনৈতিক বিশ্বাসের কারণে কেউ বৈষম্যের শিকার হবে না। একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠাই তাদের লক্ষ্য।