শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যার বিচার দাবি করলেই একটি পক্ষ আন্দোলনকারীদের বিরুদ্ধে নির্বাচন বানচালের অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন তার বড় বোন মাসুমা হাদি। তিনি বলেন, আন্দোলনকারীরা নয়, বরং ওই পক্ষই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ঝালকাঠির নলছিটির বিজয় উল্লাস চত্বরে আয়োজিত এক বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। কর্মসূচিটি শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যাকারীদের দ্রুত বিচার দাবিতে আয়োজন করা হয়।
মাসুমা হাদি বলেন, নির্বাচনের পর যে সরকারই ক্ষমতায় আসুক না কেন, এই হত্যাকাণ্ডের বিচার তাদের করতেই হবে। ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে ন্যায়বিচার নিশ্চিত করা জরুরি। বিচার না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবে বলেও তিনি জানান।
তিনি আরও বলেন, ন্যায়বিচারের দাবিকে কোনোভাবেই নির্বাচনবিরোধী আন্দোলন হিসেবে উপস্থাপন করা যায় না। বিচার চাওয়ার বিষয়টি রাজনৈতিকভাবে ভিন্নখাতে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।
বিক্ষোভ কর্মসূচিতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের পাশাপাশি নলছিটি ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা এবং সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।