অন্তর্বর্তী সরকারের সাবেক ক্রীড়া উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অভিযোগ করেছেন, যারা অতীতে ভোট চুরি করে ক্ষমতায় এসেছিল, কেন্দ্র দখল করেছিল এবং জনগণের ভোটাধিকার হরণ করেছিল, তাদের পরিণতি আজ আমরা দেখছি। তিনি সতর্ক করে বলেন, যারা আবারও ক্ষমতার কেন্দ্র দখলের পাঁয়তারা করছে বা ভোটাধিকার বঞ্চিত মানুষকে ভোট দেওয়া থেকে বিরত রাখতে চাচ্ছে, তাদের অবস্থানও শেষ পর্যন্ত একই রকম হবে।
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে পিরোজপুরের মঠবাড়িয়া শহীদ মোস্তফা খেলার মাঠে পিরোজপুর-১ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ড. শামীম হামিদীর জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, দেশের মানুষ এখন যোগ্য, সৎ ও জবাবদিহিমূলক নেতৃত্ব প্রত্যাশা করছে। শাপলা কলি মার্কা সেই পরিবর্তনের প্রতীক। তিনি অভিযোগ করেন, বিগত ১৭ বছরে একটি দল জনগণের ভোটাধিকার হরণ করেছে এবং বর্তমানে একটি দল জনগণের অধিকার নিয়ে খেলা করছে। তিনি হুঁশিয়ার করে বলেন, বাংলার মানুষ তাদেরকে চরমভাবে প্রতিহত করবে।
এতে আরও বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু, জাতীয় যুব শক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম, পিরোজপুর-৩ আসনের প্রার্থী ড. শামীম হামিদী, পিরোজপুর-২ আসনের জামায়াত প্রার্থী শামীম সাঈদী এবং মঠবাড়িয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি আবুল কালাম আজাদ।