প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

নারী কর্মীদের ওপর হামলাঃইসিতে জামায়াতের অভিযোগ

নারীদের ওপর হামলা ও প্রশাসনের পক্ষপাতিত্বের অভিযোগ জামায়াতের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি, ২০২৬

নির্বাচনী মাঠে সমান সুযোগ নিশ্চিত করতে ব্যর্থতা, নারী কর্মীদের ওপর হামলা এবং প্রশাসনের পক্ষপাতদুষ্ট ভূমিকার অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে লিখিত অভিযোগ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, ভোটের মাত্র তিন দিন বাকি থাকলেও মাঠপর্যায়ে পরিস্থিতির কোনো ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে না।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসান মাহবুব জুবায়ের। এ সময় প্রতিনিধি দলে ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ এবং সিনিয়র সাংবাদিক অলিউল্লাহ নোমান।

এহসান মাহবুব জুবায়ের বলেন, দেশের বিভিন্ন স্থানে জামায়াতের নির্বাচনী অফিসে পুলিশি অভিযান চালানো হচ্ছে। বিশেষ করে ঢাকা-১৫ আসনে, যেখানে দলটির আমির ডা. শফিকুর রহমান প্রার্থী, সেখানে ধারাবাহিক হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটছে। তার অভিযোগ, নারী কর্মীদের হেনস্তা করা হচ্ছে, অথচ বিষয়টি জানানো হলেও নির্বাচন কমিশন বা রিটার্নিং কর্মকর্তাদের কাছ থেকে কার্যকর কোনো পদক্ষেপ পাওয়া যাচ্ছে না।

তিনি আরও বলেন, পটুয়াখালীর বাউফলে জামায়াতের প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদের ওপর হামলার ঘটনা ঘটেছে। সেখানে সংশ্লিষ্ট থানার ওসির ভূমিকা চরমভাবে একপেশে বলে অভিযোগ করেন তিনি। জুবায়ের দাবি করেন, বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ওই ওসি জামায়াতের অফিসে রেইড চালাচ্ছেন। এ ঘটনায় বাউফলের ওসিকে অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।

নারী ভোটারদের নিয়ে অপপ্রচারের অভিযোগ তুলে জামায়াত নেতা বলেন, হঠাৎ করে বলা হচ্ছে জামায়াত নাকি লক্ষাধিক বোরকা তৈরি করছে—যা সম্পূর্ণ ভিত্তিহীন ও সাজানো গল্প। তার মতে, পর্দাশীল নারীদের মধ্যে ভয় সৃষ্টি করা এবং নারী ভোটারদের ভোটকেন্দ্র থেকে দূরে রাখতেই এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে।

ডা. শফিকুর রহমানের একটি বিতর্কিত সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট প্রসঙ্গে ১১টি নারী সংগঠনের প্রার্থিতা বাতিলের দাবির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জুবায়ের বলেন, জামায়াত আমিরের ভেরিফায়েড এক্স (টুইটার) অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল। বঙ্গভবনের এক কর্মকর্তার ই-মেইল থেকে ভাইরাস পাঠিয়ে এই ঘটনা ঘটানো হয় বলে দাবি করেন তিনি। ডিবি পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং সংশ্লিষ্ট একজনকে গ্রেপ্তারও করা হয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, পাবনায় দলের জেলা আমিরের ওপর হামলা চালানো হয়েছে, এমনকি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে। এসব ঘটনায় প্রশাসন ও পুলিশের আচরণ নিরপেক্ষ নয় বলে অভিযোগ করে তিনি বলেন, এভাবে পরিস্থিতি চলতে থাকলে নির্বাচন কোনোভাবেই সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে না। জামায়াতের পক্ষ থেকে সাংবাদিকদের অবাধ চলাচল ও প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিও নির্বাচন কমিশনকে জানানো হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা