প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

আল্লাহ আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন : মির্জা আব্বাস

মির্জা আব্বাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি, ২০২৬

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, ১১ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর মাধ্যমে আল্লাহতায়ালা তার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়ে বলেন, যেন আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিন পর্যন্ত তিনি ধৈর্য ধরে থাকতে পারেন।

রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর আরামবাগ এলাকায় গণসংযোগকালে এসব কথা বলেন মির্জা আব্বাস। তিনি অভিযোগ করেন, পরিকল্পিতভাবে তাকে অশান্ত পরিস্থিতির মধ্যে ঠেলে দেওয়ার চেষ্টা চলছে। তার ভাষায়, প্রতিদ্বন্দ্বী প্রার্থী উদ্দেশ্যপ্রণোদিতভাবে অশালীন বক্তব্য দিয়ে এলাকায় সংঘাত সৃষ্টি করতে চাইছেন। তবে তিনি সেই ফাঁদে পা দেবেন না বলে জানান।

মির্জা আব্বাস বলেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও বানচাল করার জন্য কয়েকটি দল সম্মিলিতভাবে কাজ করছে। তার দাবি, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ভোটের ফল পাল্টে দেওয়ার অপচেষ্টাও হতে পারে। তিনি অভিযোগ করেন, নিজেরা যে অনিয়মে জড়িত, তার দায় অন্য দলের ওপর চাপিয়ে দেওয়ার কৌশল নেওয়া হচ্ছে, কারণ সংশ্লিষ্ট দলগুলোর সমর্থিত শক্তিই বর্তমানে ক্ষমতার সঙ্গে সম্পৃক্ত।

তিনি আরও বলেন, যাদের রাষ্ট্র পরিচালনার কোনো অভিজ্ঞতা নেই, তারাই ১২ তারিখের পর ‘দেখে নেওয়ার’ হুমকি দিচ্ছে—এটাই সবচেয়ে উদ্বেগজনক বিষয়। মির্জা আব্বাসের মতে, সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় নিজেদের লোক বসিয়ে রাখার কারণেই তারা এমন আত্মবিশ্বাস দেখাচ্ছে এবং প্রয়োজনে নির্বাচনের ফল নিজেদের ইচ্ছেমতো প্রভাবিত করার সুযোগ পাচ্ছে।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা