আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন স্থগিত হওয়ার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যকে ভিত্তিহীন ও অপপ্রচার বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন স্পষ্ট করেছে, পূর্বঘোষিত সময় অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সারাদেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
রোববার (৮ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে— সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অসাধু চক্র গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন স্থগিত হওয়ার বিষয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে আতঙ্ক ও সংশয় তৈরি করার চেষ্টা করছে। এ বিষয়ে নির্বাচন কমিশনের অবস্থান অত্যন্ত পরিষ্কার।
ইসি জানায়, আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) শেরপুর-৩ আসন ছাড়া দেশের বাকি ২৯৯টি সংসদীয় আসনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একযোগে অনুষ্ঠিত হবে। নির্বাচন স্থগিত সংক্রান্ত কোনো ধরনের সিদ্ধান্ত কমিশন নেয়নি।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, জনসাধারণকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে যারা ভুয়া ও গুজবভিত্তিক তথ্য প্রচার করছে, তাদের কথায় বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানানো হচ্ছে।
নির্বাচন কমিশন জানায়, ভোটগ্রহণের সব প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।