প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ঢাকা-১৭ আমার জন্মভূমি:সবার কাছে ধানের শীষে ভোট চাইছি: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি, ২০২৬

নিজের নির্বাচনী এলাকা ঢাকা-১৭–এর সন্তান হিসেবে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, এই এলাকা শুধু তার রাজনৈতিক ক্ষেত্র নয়, বরং শৈশব, পরিবার ও ব্যক্তিগত জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার পর রাজধানীর ইসিবি চত্বরের এক নির্বাচনী পথসভায় বক্তব্য দিতে গিয়ে তারেক রহমান বলেন, তিনি এই এলাকাতেই বেড়ে উঠেছেন। এখানেই তার বিয়ে হয়েছে, এখানেই তার ও তার ভাইয়ের সন্তানদের জন্ম। তাই এলাকার সন্তান হিসেবে মা-বোন ও ভাইদের কাছে ধানের শীষে ভোট চাচ্ছেন।

পথসভার মঞ্চে ওঠার পর নেতাকর্মীদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি। পরে বিকেল ৩টা ৩৭ মিনিটে বক্তব্য শুরু করে তারেক রহমান বলেন, এটি একটি পথসভা হওয়ায় মানুষের চলাচল নির্বিঘ্ন রাখতে তিনি সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন।

ঢাকাকে একটি নিরাপদ ও বাসযোগ্য শহরে রূপান্তরের অঙ্গীকার করে বিএনপি চেয়ারম্যান বলেন, নারীরা যেন যেকোনো সময় নিরাপদে চলাফেরা করতে পারেন এবং ব্যবসা-বাণিজ্যের পরিবেশ আরও সুরক্ষিত হয়—সে লক্ষ্যে কাজ করা হবে।

তিনি আরও বলেন, আগামী ১২ তারিখের নির্বাচনে বিএনপি সরকার গঠন করতে পারলে ঢাকা শহরে অন্তত ৪০টি খেলার মাঠ নির্মাণ করা হবে। পাশাপাশি ইসিবি চত্বর থেকে জসিম উদ্দিন সড়ক পর্যন্ত রাস্তা প্রশস্ত করার প্রতিশ্রুতিও দেন তিনি।

শেষে তারেক রহমান আবারও ভোটারদের প্রতি বিনীত আহ্বান জানিয়ে বলেন, আগামী ১২ তারিখ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার অনুরোধ জানান।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা