প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

চিনি উৎপাদনে ধস: মুনাফায় ডিস্টিলারির জোয়ার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি, ২০২৬

চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের চিনি ইউনিট চলতি ২০২৫-২৬ মৌসুমে প্রত্যাশিত সাফল্য অর্জন করতে পারেনি। পরিকল্পিত ৬৮ কার্যদিবসের মাড়াই কার্যক্রম শেষ হয়েছে ৬২ দিনে।

কেরু চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান জানিয়েছেন, মৌসুমে ৭৬ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৪ হাজার ২৫৬ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে এই লক্ষ্য পূরণ সম্ভব হয়নি।

অন্যদিকে, ডিস্টিলারি ইউনিট প্রতিষ্ঠানকে অর্থনৈতিকভাবে টিকিয়ে রেখেছে। ২০২৪-২৫ অর্থবছরে চিনি ইউনিটে ৬২ কোটি টাকার ক্ষতির পরও ডিস্টিলারি থেকে ১৯০ কোটি টাকার মুনাফা এসেছে। সব ইউনিটের আয়-ব্যয় সমন্বয়ের পর নিট মুনাফা দাঁড়িয়েছে ১২৯ কোটি টাকায়, যা কেরুর ইতিহাসে সর্বোচ্চ।

ডিস্টিলারি ইউনিটে উৎপাদিত পণ্য—ফরেন লিকার, কান্ট্রি স্পিরিট, ভিনেগার, জৈব সার—প্রতিষ্ঠানের ‘লাইফলাইন’ হিসেবে কাজ করছে। তবে কৃষকরা আখের ন্যায্যমূল্য না পাওয়ায় ক্ষতিগ্রস্ত এবং বাজারে চিনির দাম বেশি থাকায় ভোক্তাদের উপর চাপ পড়ছে।

বিশেষজ্ঞরা বলছেন, কেরুর টেকসই ভবিষ্যতের জন্য শুধু ডিস্টিলারির মুনাফার ওপর নির্ভরতা নয়, মূল চিনি ইউনিটকেও আধুনিক প্রযুক্তি, বাজার ব্যবস্থাপনা সংস্কার ও আখ চাষ সম্প্রসারণের মাধ্যমে লাভজনক করা প্রয়োজন। নতুবা ঐতিহ্যবাহী এই চিনিকল কেবল নামমাত্র উৎপাদনে সীমাবদ্ধ হয়ে পড়তে পারে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা