প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ইসি সাংবিধানিক দায়িত্ব ও ক্ষমতা প্রয়োগে দুর্বলতা দেখাচ্ছে : টিআইবি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি, ২০২৬

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) মন্তব্য করেছে, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে প্রকাশ পাওয়া রাষ্ট্র সংস্কারের গণ আকাঙ্ক্ষা বাস্তবায়নে নির্বাচন কমিশন (ইসি) ও সরকারের সমন্বয়হীনতা, আইনি বিভ্রান্তি এবং রাজনৈতিক চাপ বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘গণভোট ও প্রাক-নির্বাচন পরিস্থিতি : টিআইবির পর্যবেক্ষণ’ শীর্ষক প্রতিবেদন উপস্থাপনকালে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, “গণভোট আয়োজনের ক্ষেত্রে অপরিণামদর্শী সিদ্ধান্ত, অস্পষ্ট আইনগত ব্যাখ্যা এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতার ঘাটতি জনমনে বিভ্রান্তি তৈরি করছে। এটি পুরো প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করছে।”

তিনি আরও উল্লেখ করেন, ইসি তাদের সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে প্রয়োগে দুর্বলতা দেখাচ্ছে এবং রাজনৈতিক চাপের মুখে দৃঢ় অবস্থান নিতে পারছে না। অনলাইন ও অফলাইন উভয় পরিসরে আচরণবিধি লঙ্ঘন এবং অনিয়ম ঘটলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর কিছু অংশও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করতে নিষ্ক্রিয়।

ডিজিটাল প্ল্যাটফর্মে অপপ্রচার ও বিদ্বেষমূলক কনটেন্ট নিয়ন্ত্রণে গুগল ও মেটার মতো প্রতিষ্ঠান পর্যাপ্ত ভূমিকা রাখছে না। এ ক্ষেত্রে ব্যবসায়িক স্বার্থ বা ‘মানি ডিপেন্ডেন্সি’ বড় বাধা হিসেবে কাজ করছে।

গণভোট ইস্যুতে সরকারের ভূমিকা নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। প্রভাবশালী রাজনৈতিক দলের বিপরীতমুখী অবস্থান এবং উভয় পক্ষকে সন্তুষ্ট করার প্রচেষ্টা প্রশ্নবিদ্ধ করেছে গণভোটের উদ্দেশ্য ও প্রশ্ন। একই দিনে নির্বাচন ও গণভোট আয়োজন বিষয়টিকে জটিল করে তুলেছে।

ড. ইফতেখারুজ্জামান টিআইবির পক্ষ থেকে কয়েকটি সংস্কারের প্রস্তাবও দেন—সংবিধানের ২০(২) অনুচ্ছেদ সংশোধন করে ক্ষমতার অপব্যবহারকে অপরাধ হিসেবে গণ্য করা, দুর্নীতি দমন কমিশনকে সাংবিধানিক মর্যাদা দেওয়া, সংসদে নারী প্রতিনিধিত্ব ১০০ আসনে উন্নীত করা, অন্তত ৩৩ শতাংশ নারী প্রার্থী মনোনয়ন নিশ্চিত করা, ৭০ অনুচ্ছেদ সংশোধনের মাধ্যমে সংসদ সদস্যদের নিজ দলের বিপক্ষে ভোট দেওয়ার সুযোগ এবং গুরুত্বপূর্ণ কমিটিতে বিরোধী দলের সদস্যদের নিয়োগ।

তিনি বলেন, “জুলাই অভ্যুত্থানের মূল প্রত্যাশা অনুযায়ী জবাবদিহিমূলক গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা করতে বিচার বিভাগসহ সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা প্রয়োজন। দেশবাসীকে দুর্নীতির বিরুদ্ধে ‘না’ এবং জুলাই সনদের আলোকে রাষ্ট্র সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ বলতে হবে।”

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা