প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

নির্বাচনী মাঠে নামছেন ১,০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আজ রোববার থেকে সারাদেশে মাঠপর্যায়ে দায়িত্ব পালন শুরু করছেন ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। একই সঙ্গে সেনাবাহিনীর অতিরিক্ত সদস্যসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও আজ থেকেই নির্বাচনী এলাকায় মোতায়েন হচ্ছেন। তারা আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে থেকে শান্তিশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করবেন।

নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ জানিয়েছেন, নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সেনাবাহিনী আগে থেকেই দায়িত্বে ছিল এবং আজ থেকে তাদের উপস্থিতি আরও জোরদার হচ্ছে। তিনি বলেন, ভোটের আগে ও পরে মোট সাত দিন আনুষ্ঠানিকভাবে সেনাবাহিনী মাঠে থাকবে। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ধারাবাহিক বৈঠকের পর সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নির্বাচন আয়োজনের জন্য অনুকূলে রয়েছে।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে রিটার্নিং কর্মকর্তারা ব্যালট বাক্স গ্রহণ করছেন এবং ভোটগ্রহণের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, এবারের নির্বাচনে বিভিন্ন বাহিনীর মোট ৯ লাখ ৭০ হাজারের বেশি সদস্য দায়িত্ব পালন করবেন। এর মধ্যে রয়েছে পুলিশ, আনসার-ভিডিপি, বিজিবি, র‍্যাব, কোস্ট গার্ড এবং সশস্ত্র বাহিনীর সদস্যরা। পরিকল্পনা অনুযায়ী, প্রায় ৫ লাখ ৭৬ হাজার আনসার সদস্য, ১ লাখ ৩ হাজার সেনা সদস্য এবং ১ লাখ ৮৭ হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবেন।

প্রতিটি ভোটকেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করতে ১৬ থেকে ১৮ জন করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। বিজিবি ও র‍্যাব থাকবে স্ট্রাইকিং ফোর্স হিসেবে এবং উপকূলীয় এলাকায় দায়িত্ব পালন করবে কোস্ট গার্ড। সব বাহিনী রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী সমন্বিতভাবে কাজ করবে বলে জানানো হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা