জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন শুধু একটি ভোট নয়, এটি একটি ধারাবাহিক আন্দোলনের অংশ। তিনি বলেন, “যদি ১২ ফেব্রুয়ারি ব্যর্থ হয়, তাহলে ৫ আগস্টের অর্জনও ব্যর্থ হয়ে যাবে। আমরা যেভাবে ৫ আগস্ট সফল করেছি, ঠিক সেভাবেই ১২ ফেব্রুয়ারিকেও সফল করব। ইনশাআল্লাহ, বিজয় নিয়েই আমরা ঘরে ফিরব।”
রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বাড্ডা এলাকায় আয়োজিত এনসিপির নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।
জনসভায় নাহিদ ইসলাম ঢাকা-১১ আসনের দীর্ঘদিনের অবকাঠামোগত সংকট তুলে ধরে বলেন, এই এলাকায় পর্যাপ্ত খেলার মাঠ, সরকারি স্কুল কিংবা সরকারি হাসপাতাল নেই। পুরো শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থা প্রায় সম্পূর্ণভাবে বেসরকারি খাতের ওপর নির্ভরশীল। সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে মাত্র ১৫টি, অথচ একটি সরকারি হাইস্কুলও নেই।
তিনি আরও বলেন, বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই ঢাকা-১১ আসনের প্রায় ৬০ শতাংশ এলাকা জলাবদ্ধ হয়ে পড়ে। মাত্র ৩০ থেকে ৩৫ শতাংশ এলাকায় পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা রয়েছে, বাকি অংশ অপরিকল্পিত নরদমা ও দখল হয়ে যাওয়া খালের ওপর নির্ভরশীল। রামপুরা ও শাহজাদপুর খালসহ আশপাশের খালগুলো দখল ও ভরাট হয়ে যাওয়ায় জলাবদ্ধতা এখন নিত্যদিনের সমস্যা।
এলাকার উন্নয়ন ব্যাহত হওয়ার পেছনে রাজনৈতিক ভূমিদস্যুদের দায়ী করে নাহিদ ইসলাম বলেন, শত শত একর খাস জমি, জলাশয় ও ব্যক্তিমালিকানাধীন জমি দখল করে নেওয়া হয়েছে। এতে অসংখ্য পরিবার নিঃস্ব হয়েছে।
তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, “যারা তাদের জমি হারিয়েছেন, আমরা তাদের জমি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করব। সম্ভব না হলে ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করব। ঢাকা-১১ থেকে ভূমিদস্যুদের সিন্ডিকেট চিরতরে নির্মূল করা হবে।”
নাহিদ ইসলাম আরও বলেন, এনসিপি শুধু ঢাকা-১১ আসন নয়, সারা দেশেই বিজয়ের ব্যাপারে আশাবাদী। ১১ দলীয় ঐক্যজোটকে তিনি আগামীর বাংলাদেশ পরিচালনার শক্তি হিসেবে উল্লেখ করেন এবং ভোটারদের প্রতি আহ্বান জানান, নিজ নিজ এলাকায় ঐক্যজোটের প্রার্থীদের সমর্থন দিতে।
তিনি সতর্ক করে বলেন, “একটি গোষ্ঠী বাংলাদেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা করছে। সেই অপচেষ্টা আমাদের রুখে দিতে হবে। ১২ ফেব্রুয়ারি হবে দখলদারিত্ব, আধিপত্যবাদ ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশের পথে একটি গুরুত্বপূর্ণ দিন।”
ভোটের দিন ভোটকেন্দ্র পাহারার আহ্বান জানিয়ে তিনি বলেন, তরুণ সমাজ প্রস্তুত আছে। “১২ ফেব্রুয়ারি ব্যর্থ হলে ৫ আগস্টও ব্যর্থ হবে—এই উপলব্ধি থেকেই আমরা বিজয় নিশ্চিত করব,” বলেন নাহিদ ইসলাম।