প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

পোস্টাল ব্যালট ও নির্বাচন নিরাপত্তায় নতুন তথ্য দিল সরকার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি, ২০২৬

জাতীয় সংসদ ও গণভোট নির্বাচনকে সামনে রেখে প্রবাসী ভোটগ্রহণ পদ্ধতি নিয়ে আগ্রহ দেখিয়েছে দক্ষিণ এশিয়ার চারটি দেশ। সার্কভুক্ত পাকিস্তান, নেপাল, ভারত ও শ্রীলংকা বাংলাদেশের পোস্টাল ব্যালট ব্যবস্থার কার্যকারিতা ও বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে জানতে চেয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার বাইরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য তুলে ধরেন। শফিকুল আলম বলেন, বাংলাদেশ কীভাবে প্রবাসী ভোট কার্যক্রম পরিচালনা করছে, তা কতটা সফল হচ্ছে এবং কোনো ধরনের জটিলতা দেখা দিচ্ছে কি না—এসব বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলো জানতে আগ্রহী।

তিনি জানান, প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণ নিশ্চিত করতে বিশ্বের ১২৪টি দেশে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। এ ব্যবস্থার আওতায় নিবন্ধিত ভোটারদের মধ্যে মোট ৪ লাখ ২২ হাজার ৯৬০টি ব্যালট ইতোমধ্যে দেশে পৌঁছেছে। ৭ ফেব্রুয়ারি পর্যন্ত এর মধ্যে ২ লাখ ৭ হাজার ৩৮টি ব্যালট সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা গ্রহণ করেছেন।

প্রেস সচিবের তথ্যমতে, পোস্টাল ভোটারদের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা তুলনামূলক বেশি—প্রায় ৯৪ শতাংশ। নারী ভোটারের হার মাত্র ৬ শতাংশ।

শফিকুল আলম আরও জানান, প্রধান উপদেষ্টা নির্বাচনকে ঘিরে আগামী এক সপ্তাহকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় হিসেবে উল্লেখ করেছেন। তিনি আশা প্রকাশ করেন, এবারের নির্বাচন হবে উৎসবমুখর ও অংশগ্রহণমূলক। নারীরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবেন এবং পরিবারের সবাই মিলে ভোট উৎসবে অংশ নেবেন—এমন প্রত্যাশার কথাও জানান তিনি।

নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে এবার বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান প্রেস সচিব। সারা দেশে প্রায় ৪৩ হাজার ভোটকেন্দ্রের মধ্যে ২৫ হাজার ৭শ কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বডি ওর্ন ক্যামেরা দেওয়া হচ্ছে। এসব ক্যামেরার কার্যকারিতা যাচাইয়ে প্রধান উপদেষ্টা আজকের বৈঠকে র‌্যান্ডমভাবে পাঁচটি স্থানে দায়িত্বে থাকা সদস্যদের সঙ্গে সরাসরি কথা বলেন।

এছাড়া নির্বাচন সুরক্ষা অ্যাপ পুরোপুরি চালু হয়েছে বলে জানান তিনি। এই অ্যাপটি শুধুমাত্র নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তা ও নিরাপত্তা সদস্যরা ব্যবহার করতে পারবেন। কোনো কেন্দ্রে বিশৃঙ্খলা বা সংঘর্ষের ঘটনা ঘটলে অ্যাপের মাধ্যমে তাৎক্ষণিকভাবে নিরাপত্তা বাহিনী, রিটার্নিং কর্মকর্তা ও কেন্দ্রীয় নির্বাচন কমিশনে বার্তা পৌঁছে যাবে, ফলে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

শফিকুল আলম বলেন, এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। বিদেশি পর্যবেক্ষক থাকবেন প্রায় ৪০০ জন এবং দেশীয় পর্যবেক্ষকের সংখ্যা প্রায় ৫০ হাজার।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা