প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

তারেক রহমানের নীরব মানবিক উদ্যোগ নিয়ে  তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি, ২০২৬

রাজনীতির বাইরে মানবিক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে নীরবে ভূমিকা রেখে আসা বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জীবন ও দর্শনের ভিন্ন এক দিক তুলে ধরেছে নতুন তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’। অসহায় মানুষ ও অবহেলিত প্রাণীর কল্যাণে তার প্রচারবিমুখ উদ্যোগগুলো এই প্রথম পর্দায় উঠে এসেছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর মহাখালীর এসকেএস টাওয়ারে অবস্থিত স্টার সিনেপ্লেক্সে তথ্যচিত্রটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়।

তথ্যচিত্রে তারেক রহমানের ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত মানবিক সহায়তা কার্যক্রমের অজানা গল্পগুলো তুলে ধরা হয়েছে। প্রদর্শনী চলাকালে এসব দৃশ্য দেখে দর্শকসারিতে উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। এটি তারেক রহমানকে নিয়ে নির্মিত প্রথম পূর্ণাঙ্গ তথ্যচিত্র।

প্রিমিয়ার অনুষ্ঠানে রাজনীতিবিদ, শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। প্রদর্শনী শেষে তারা তথ্যচিত্রটির বিষয়বস্তু ও নির্মাণশৈলীর প্রশংসা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলেন, তারেক রহমানের মানবিক কাজগুলো এতটাই নীরব ছিল যে অনেক সময় কাছের মানুষরাও তা জানতেন না। তিনি বলেন, ‘যাদের জন্য তিনি কাজ করেছেন, তারাও জানতেন না সহায়তার উৎস কোথায়। এই তথ্যচিত্র সেই নিভৃত মানবিক দিকটিই সামনে এনেছে।’

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক মো. ইসমাইল জবিউল্লাহ বলেন, তিনি ধারণাই করেননি যে তথ্যচিত্রটি এত গভীর মানবিক বার্তা বহন করবে। তার ভাষায়, ‘এটি কোনো রাজনৈতিক বক্তব্য নয়, বরং একজন মানুষের মানবিক পরিচয়ের দলিল।’

তথ্যচিত্রটির নির্মাতা জুবায়ের বাবু বলেন, ‘সবার আগে হাসিমুখ’ কোনো রাজনৈতিক প্রচারণা নয়। এটি একজন মানুষের গল্প, যিনি নিঃশব্দে মানুষের মুখে হাসি ফোটাতে কাজ করে গেছেন। মানুষ ও প্রাণীর প্রতি তারেক রহমানের সহমর্মিতাই এই তথ্যচিত্রের মূল প্রেরণা।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা মনে করেন, তথ্যচিত্রটি শুধু একটি প্রামাণ্যচিত্র নয়; বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য মানবিক মূল্যবোধের একটি গুরুত্বপূর্ণ দলিল হয়ে থাকবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা