প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

গুম-খুন মামলায় জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি, ২০২৬

আওয়ামী লীগ শাসনামলে সংঘটিত শতাধিক গুম ও হত্যাকাণ্ডের অভিযোগে অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের কার্যক্রম আজ রোববার (৮ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে। এর মাধ্যমে বহুল আলোচিত এই মামলার বিচারপ্রক্রিয়া নতুন ধাপে প্রবেশ করছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপনের পাশাপাশি প্রথম সাক্ষীর জবানবন্দি গ্রহণের দিন নির্ধারিত রয়েছে।

ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক বেঞ্চ এই কার্যক্রম পরিচালনা করবেন। বেঞ্চের অন্য সদস্যরা হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

প্রসিকিউশন সূত্র জানায়, শুনানির শুরুতে মামলার পটভূমি ও অভিযোগের সারসংক্ষেপ তুলে ধরে ওপেনিং স্টেটমেন্ট দেবেন প্রসিকিউশন পক্ষ। এরপর এক নম্বর সাক্ষীর সাক্ষ্যের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সাক্ষ্যগ্রহণ শুরু হবে।

এই মামলায় সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়াসহ একাধিক গুরুত্বপূর্ণ সাক্ষীর জবানবন্দি গ্রহণের কথা রয়েছে বলে জানা গেছে।

এর আগে গত ১৪ জানুয়ারি জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তিনটি নির্দিষ্ট অভিযোগে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল এবং আজকের দিনটি সাক্ষ্যগ্রহণের জন্য নির্ধারণ করা হয়।

মামলার অভিযোগপত্র অনুযায়ী, প্রথম অভিযোগটি ২০১১ সালের ১১ জুলাইয়ের ঘটনা, যেখানে গাজীপুরের পুবাইল এলাকায় তার উপস্থিতিতে সজলসহ তিনজনকে হত্যার অভিযোগ রয়েছে। দ্বিতীয় অভিযোগে ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে বরগুনার পাথরঘাটা উপজেলার বলেশ্বর নদীর মোহনায় নজরুল ও মল্লিকসহ অন্তত ৫০ জনকে হত্যার দায় উল্লেখ করা হয়েছে। তৃতীয় অভিযোগেও একই সময়কালে আরও প্রায় ৫০ জন হত্যার তথ্য অন্তর্ভুক্ত রয়েছে।

উল্লেখ্য, গত বছরের ১৭ ডিসেম্বর প্রসিকিউশনের দাখিল করা অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। এর ধারাবাহিকতায় ২৩ ডিসেম্বর জিয়াউল আহসানকে মামলাটিতে গ্রেপ্তার দেখানো হয়।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা