প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

অচল চট্টগ্রাম বন্দর: অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি, ২০২৬

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা দেওয়ার সিদ্ধান্তের বিরোধিতা করে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে ‘চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ’। রোববার (৮ জানুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হওয়া এই কর্মসূচির ফলে বন্দরের সার্বিক কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়েছে।

সকাল সাড়ে ৮টার দিকে বন্দর ভবনের ৪ নম্বর গেট এলাকায় পুলিশকে সতর্ক অবস্থানে দেখা যায়। তবে বন্দরের অভ্যন্তরে যানবাহনের চলাচল ছিল একেবারেই সীমিত।

সরেজমিনে দেখা গেছে, সকাল থেকে জেটি, ইয়ার্ড, টার্মিনাল, প্রশাসনিক ভবনসহ বহির্নোঙর এলাকায় (আউটার লাইটারেজ) পণ্য ওঠানামা ও পরিচালন কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে দেশের প্রধান সমুদ্রবন্দরটি কার্যত অচল অবস্থায় রয়েছে।

উদ্ভূত পরিস্থিতিতে বন্দর কর্তৃপক্ষ রোববার সকাল সাড়ে ৯টায় প্রায় ২০০ কর্মচারী ও শ্রমিককে জরুরি সভায় অংশ নিতে নির্দেশ দেয়। তবে আন্দোলনরত শ্রমিকরা ওই সভা বর্জন করেন।

এর আগে শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে কর্মসূচির ঘোষণা দেন বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক মো. ইব্রাহিম খোকন। সংগঠনের অন্যান্য দাবির মধ্যে রয়েছে—বন্দর চেয়ারম্যান এস এম মনিরুজ্জামানকে প্রত্যাহার, আন্দোলনকারীদের বিরুদ্ধে নেওয়া শাস্তিমূলক ব্যবস্থা বাতিল এবং শ্রমিক নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা ও হয়রানি বন্ধ।

ইব্রাহিম খোকন বলেন, সকাল ৮টা থেকে বন্দরের সব কার্যক্রম বন্ধ রয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে। তিনি অভিযোগ করেন, আন্দোলন দমাতে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে শ্রমিক নেতাদের হুমকি দেওয়া হচ্ছে এবং দুজন শ্রমিক নেতাকে তুলে নেওয়ার ঘটনাও ঘটেছে।

সংগ্রাম পরিষদের আরেক সমন্বয়ক মো. হুমায়ুন কবির জানান, এর আগে ধাপে ধাপে কর্মবিরতি পালন করা হয়েছিল। নৌ উপদেষ্টার আশ্বাসে সাময়িকভাবে কর্মসূচি স্থগিত থাকলেও প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় এবার কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হয়েছেন তারা।

এদিকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (বন্দর) মো. আমিরুল ইসলাম জানিয়েছেন, বন্দরের নিরাপত্তা নিশ্চিতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা